উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ১৮ কোটি টাকা দিয়ে শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে (Mathisha Pathirana) দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু চোটের কারণে আইপিএলের শুরু থেকেই তাঁকে পায়নি কেকেআর। প্রতিযোগিতার মাঝপথে দলে যোগ দিলেও প্রথম একাদশে জায়গা হচ্ছিল না তাঁর। অবশেষে শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বল করার সুযোগ পেলেও মাত্র ৮ বল করেই আবার চোট পেয়ে মাঠ ছাড়লেন এই লঙ্কান পেসার।
গুজরাতের বিরুদ্ধে কেকেআরের ১২তম ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ বৈভব অরোরাকে বাদ দিয়ে পাথিরানাকে সুযোগ দেয় কর্তৃপক্ষ। তবে তাতে নাইটদের সমস্যা না কমে উল্টে আরও বাড়ল। শনিবার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কেকেআরের জার্সিতে অভিষেক হয় পাথিরানার। মাত্র ১.২ ওভার বল করে দুটি ওয়াইডসহ তিনি ৯ রান দেন। নিজের অষ্টম বলটি করার পরেই মাঠে খোঁড়াতে দেখা যায় তাঁকে এবং তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। অথচ কয়েক দিন আগেই কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন দাবি করেছিলেন, পাথিরানা সম্পূর্ণ ফিট। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের থেকে ফিটনেস ছাড়পত্র নিয়েই তিনি আইপিএল খেলতে এসেছিলেন। ফলে মাঠে নেমেই তিনি আবার চোট পাওয়ায় চরম হতাশ নাইট শিবির।
শনিবার নিজের প্রথম ওভার বল করার পরেই অস্বস্তি অনুভব করেন পাথিরানা। ফিজিও মাঠে এসে প্রাথমিক চিকিৎসা করার পর তিনি দ্বিতীয় ওভার বল করতে যান। কিন্তু ২ বলের বেশি করতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পায়ের যে পেশিতে চোট পেয়েছিলেন, সেখানেই নতুন করে সমস্যা দেখা দিয়েছে। তবে তাঁর এই চোট কতটা গুরুতর, তা এখনও কেকেআর কর্তৃপক্ষের তরফে স্পষ্ট করা হয়নি।
আইপিএলের প্লে-অফে (IPL Play offs) উঠতে হলে বাকি ম্যাচগুলোতে জয় ছাড়া কোনো পথ নেই অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) দলের। সামনেই মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ। দিল্লি এখনও প্লে-অফের দৌড়ে থাকায় অক্ষর পটেলরা জয়ের জন্য মরিয়া হয়ে খেলবেন। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও সম্মানের লড়াইয়ে সূর্যকুমার যাদব বা রোহিত শর্মারাও ছেড়ে কথা বলবেন না। লিগ পর্বের এমন গুরুত্বপূর্ণ সময়ে পাথিরানার আবার চোট পাওয়া নিঃসন্দেহে কেকেআরকে বড়সড় চাপে ফেলে দিল।
