উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ক্ষমতা বদলের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নিজেদের হারানো জমি ফিরে পেল বামেরা। ১৯৮৩ সালে তৈরি হওয়া বারুইপুর পশ্চিমের কাছারি বাজারের পার্টি অফিসটি দীর্ঘ ১৩ বছর পর মঙ্গলবার রাতে পুনরুদ্ধার করল সিপিএম (CPIM Social gathering Workplace Restoration)। নির্বাচনী ফলাফল প্রকাশের পর যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর আসছে, তখন নিজেদের পুরনো ঠিকানা ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন স্থানীয় বাম কর্মীরা।
বারুইপুর পশ্চিমের সিপিএম প্রার্থী লায়েগ আলির নেতৃত্বে এদিন পার্টি অফিসে প্রবেশ করেন কর্মীরা। তাঁর দাবি, ২০১১ সালের পর তৃণমূল জোর করে এই অফিসটি দখল করেছিল। তবে পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো ভাঙচুর বা হিংসার আশ্রয় নেওয়া হয়নি। অফিসে থাকা তৃণমূলের পতাকা, ব্যানার এবং নথিপত্র নষ্ট না করে সসম্মানে গুছিয়ে রাখা হয়েছে। লায়েগ আলি বলেন, “আমরা দখলের রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদেরই অফিস ছিল। ওদের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য ফোন করা হয়েছে, কিন্তু কেউ আসেননি। তাই আমরা ওগুলো গুছিয়ে রেখে আমাদের দলের কাজ শুরু করেছি।”
জেলায় যখন বারুইপুর, সোনারপুর ও কুলতলির একাধিক এলাকায় তৃণমূলের কার্যালয় দখল করে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ উঠছে, তখন বারুইপুর পশ্চিমের এই চিত্রটি বেশ খানিকটা ব্যতিক্রমী। তবে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লেনিনের মূর্তি ভাঙার মতো অপ্রীতিকর ঘটনার খবরে বাম শিবিরের অন্দরে উদ্বেগও রয়েছে। রাজ্য বিধানসভায় শূন্য থেকে এক-এ পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যেই এই অফিস পুনরুদ্ধার দক্ষিণ ২৪ পরগনার বাম কর্মীদের অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
