উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফুটবল বিশ্বকাপের মঞ্চে মাঠে পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের জটিলতা নিয়েই এখন বেশি আলোচনায় ইরান ফুটবল দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পরপরই মার্কিন কর্তৃপক্ষের নির্দেশে লস অ্যাঞ্জেলেস ছাড়তে বাধ্য হওয়ায় ফিফার (FIFA) বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান (Iran)। কোচ আমির গালেনোই (Amir Ghalenoei) সাফ জানিয়ে দিয়েছেন, এবারের বিশ্বকাপে সবচেয়ে ‘নিগৃহীত ও নির্যাতিত’ দল তাদেরই।
সোমবার রাতের ম্যাচের পরপরই ইরান দলকে নির্দেশ দেওয়া হয় লস অ্যাঞ্জেলেস থেকে দ্রুত তাদের মেক্সিকোর টিজুয়ানা বেস ক্যাম্পে ফিরে যেতে। অথচ, রিকভারির জন্য লস অ্যাঞ্জেলেসে থাকার কথা ছিল দলের।
এই প্রসঙ্গে কোচ আমির গালেনোই বলেন, “ম্যাচ শেষ হওয়ার পরপরই আমাদের বলা হল দ্রুত শহর ছাড়তে। অথচ আজকের দিনটি রিকভারির জন্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।” তিনি আরও যোগ করেন, “আমি মনে করি, এবারের বিশ্বকাপে আমাদের দলই সবচেয়ে বেশি নিগৃহীত। এখানে আমাদের ফেডারেশনের কেউ নেই, নেই আমাদের মিডিয়া বা ম্যানেজমেন্টের প্রতিনিধি।”
ইরানের এই সংকটের মূলে রয়েছে ভিসা ও ভ্রমণ সংক্রান্ত কঠোর বিধিনিষেধ। মার্কিন অভিবাসন প্রক্রিয়ার জটিলতার কারণে আগে থেকেই তাদের অ্যারিজোনায় ক্যাম্প করার পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। যার ফলে বাধ্য হয়ে মেক্সিকোর টিজুয়ানায় ক্যাম্প গড়েছে দলটি।
শুধু তাই নয়, কোচিং স্টাফের বেশ কয়েকজন সদস্যের ভিসা না পাওয়ায় মিডিয়া অফিসার, অ্যানালিস্ট এবং ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ ছাড়াই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে হয়েছে ইরানকে। দলের অধিনায়ক মেহদি তারেমি জানিয়েছেন, এই চরম অনিশ্চয়তা এবং দীর্ঘ যাতায়াত তাদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে। অভিবাসন সংক্রান্ত জটিলতায় টিজুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেস পৌঁছাতেও তাদের অস্বাভাবিক সময় লেগেছে।
ফুটবল বিশ্বকাপের মতো একটি আসরে এভাবে মাঠের বাইরের রাজনীতি ও আমলাতান্ত্রিক জটিলতা যে খেলোয়াড়দের মনোসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে, তা নিয়ে বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের একাংশের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। ফিফা এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে কি না, তা এখন দেখার বিষয়।
