উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মহামারীর আতঙ্ক কি তবে ফিরে আসছে? সাম্প্রতিক পরিসংখ্যানে অন্ধ্রপ্রদেশে নতুন করে করোনা সংক্রমণের খবর এবং কোভিডের জেরে মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়েছে (Covid-19 Andhra Pradesh)। গত ২৬ জুন থেকে ১৬ জুলাই—এই মাত্র ২০ দিনের ব্যবধানে অন্ধ্রপ্রদেশে ১২ জন করোনা আক্রান্তের খবর মিলেছে। যার মধ্যে কোমর্বিডিটি থাকা ৪ জন রোগীর মৃত্যু হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য কমিশনার জি বীরাপান্ডিয়ান জানিয়েছেন, মৃত রোগীদের হাইপারটেনশন, ডায়াবেটিস এবং কিডনির মতো গুরুতর শারীরিক সমস্যা ছিল, যার ফলে কোভিডের বিরুদ্ধে তাঁদের লড়াই করা কঠিন হয়ে পড়েছিল। সরকারি তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে ২৬ জুনের পর থেকে সংক্রমণের হার বেড়েছে। কাডাপা জেলা থেকে প্রথম আক্রান্তের খবর মিললেও, বর্তমানে গুন্টুর, বিশাখাপত্তনম এবং কাকিনাড়া থেকেও বিচ্ছিন্নভাবে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। আক্রান্তদের চিকিৎসার জন্য চিকিৎসকরা তাঁদের নিভৃতবাস বা হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।
শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ নয়, জুলাই মাস অবধি গোটা দেশে মোট ৩৩৯ জন কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। সংক্রমণের নিরিখে দেশের অন্যান্য রাজ্যের পরিস্থিতিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে:
- কেরল: ১১৫ জন আক্রান্ত।
- কর্নাটক: ৬৪ জন আক্রান্ত।
- মহারাষ্ট্র: ৪৩ জন আক্রান্ত।
- তামিলনাড়ু: ৩৯ জন আক্রান্ত।
- আন্দামান ও নিকোবর: ১৮ জন।
- দিল্লি: ১৮ জন।
- রাজস্থান: ১২ জন।
অন্ধ্রপ্রদেশের এই মৃত্যুর ঘটনা সাধারণ মানুষের মধ্যে নতুন করে কোভিড আতঙ্ক তৈরি করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যদিও আক্রান্তের সংখ্যা খুব বেশি নয়, তবুও কোমর্বিডিটি রোগীদের ক্ষেত্রে এই ভাইরাস এখনও বড়সড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে এবং স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

