ঐতিহ্য, আধুনিক বিপণন ও নতুন প্রজন্মের উদ্যোগে ফিরতে পারে বাঙালি মিষ্টির বাজার।
সুব্রত রায়
একসময় শিলিগুড়ির অলিগলিতে মিষ্টির দোকান মানেই ছিল বাঙালির পরিচয়, পারিবারিক উত্তরাধিকার ও স্বাদ। জন্মদিন, বিয়ে, অন্নপ্রাশন কিংবা দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকত স্থানীয় দোকানের নাম। বহু বছর আগে প্রতিষ্ঠিত মহাবীরস্থানের সৃষ্টিধর ঘোষ, কলেজপাড়ার গঙ্গা সুইটস, কোর্ট মোড়ের বল্লভ ঘোষ, সুভাষপল্লির অসীম সুইটস, বিমল সুইটস, এনজেপির সান্ত্বনা সুইটস, প্রধাননগরের আরতি সুইটস, রবীন্দ্রনগরের শিবশংকর সুইটস, ফুলবাড়ি মিষ্টান্ন ভাণ্ডারের মতো প্রতিষ্ঠান শুধু মিষ্টি বিক্রি করেনি, তৈরি করেছিল প্রজন্মের আবেগ। কিন্তু আজ সেই ঐতিহ্যের ভিতেই ফাটল। বিস্ময়ের বিষয়, এই সংকটের সময়েই দেশের মিষ্টির বাজারও বাড়ছে।
ফ্রস্ট অ্যান্ড সুলিভানের গবেষণার ভিত্তিতে বিকাজি ফুডসের ২০২২ সালের শিল্পপ্রতিবেদন অনুযায়ী, ভারতের ঐতিহ্যবাহী মিষ্টির বাজার ২০১৫ অর্থবর্ষের ৪০ হাজার কোটি টাকা থেকে ২০২২ অর্থবর্ষে বেড়ে ৫৯,৩০০ কোটি টাকায় পৌঁছায়। ২০২৬ অর্থবর্ষে তা ৮৪,৬০০ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে পূর্বাভাস ছিল। বাজারে চাহিদার অভাবই বাঙালি ব্যবসার সংকটের একমাত্র ব্যাখ্যা নয়। কানাডার কৃষি ও কৃষিখাদ্য দপ্তর ইউরোমনিটরের তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে সামগ্রিক মিষ্টান্ন সামগ্রীর বিক্রি বার্ষিক গড়ে ১০.৩ শতাংশ হারে বেড়েছে। তবে এই শ্রেণিতে চকোলেট, চিনিনির্ভর মিষ্টান্ন সহ নানা পণ্য রয়েছে; তাই এই বৃদ্ধিকে সরাসরি বাংলার ঐতিহ্যবাহী মিষ্টির বাজারের বৃদ্ধি বলা যাবে না। এই প্রেক্ষিতে জলপাইগুড়িভিত্তিক গবেষণা সংস্থা ইএসপিওয়াই রিসার্চের সমীক্ষা গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন শহর ও পার্শ্ববর্তী এলাকার ১৭০টি মিষ্টির দোকানের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি ১১৩টি বাঙালি এবং ৫৭টি অবাঙালি মালিকানাধীন দোকান চিহ্নিত করেছে। সমীক্ষায় বাঙালি মালিকানাধীন দোকানগুলির মধ্যে ব্যবসায় অবনতি, প্রজন্মান্তরের সংকট ও বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা তুলনায় বেশি বলে উঠে এসেছে।
এই পরিসংখ্যান কেবল প্রতিযোগিতার গল্প নয়, ব্যবসার ধরন বদলানোর প্রশ্নও তোলে। পুরোনো বাঙালি দোকানগুলির একটি বড় দুর্বলতা পারিবারিক উত্তরাধিকারের বিচ্ছিন্নতা। যে পেশায় অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা ও নিজস্ব রেসিপি প্রয়োজন, সেখানে পরবর্তী প্রজন্মের অনাগ্রহ কিংবা পারিবারিক সমস্যার কারণে ব্যবসার ধারাবাহিকতা ভেঙে দিচ্ছে। শিলিগুড়িতে বিশু মোদকের ডিবিসি রোডের দোকান বন্ধ হওয়া কারণ হিসেবে মনে করা যেতে পারে। জলযোগের মিষ্টির ব্যবসা ছেড়ে অন্য পথে যাওয়া এবং সারদা মিষ্টান্ন ভাণ্ডার, বৈশাখী সুইটস, আপ্যায়ন সুইটস ও সব ভালো মিষ্টান্ন ভাণ্ডারের অবসানও সেই পরিবর্তনের সাক্ষ্য। এর সঙ্গে যুক্ত হয়েছে বিপণন ও ব্র্যান্ডিংয়ের ঘাটতি, আকর্ষণীয় প্যাকেজিংয়ের অভাব, অনলাইন অর্ডার ও বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থায় পিছিয়ে থাকা, উৎপাদন ব্যয়ের চাপ এবং সংগঠিত প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দেওয়ার দুর্বলতা।
প্রশ্নটি তাই শুধু কতগুলি মিষ্টির দোকান বন্ধ হল, তা নয়। এই ব্যবসার মধ্যেই লুকিয়ে রয়েছে শিলিগুড়ির যুবসমাজের কর্মসংস্থানের সম্ভাবনা। বাঙালি মিষ্টির ব্যবসার পুনরুজ্জীবন ঘটলে নতুন উদ্যোক্তা হিসেবে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি মিষ্টি তৈরির কারিগর, বিক্রয়কর্মী, সরবরাহকারী, প্যাকেজিং কর্মী ও পরিবহণকর্মীদের জন্য কাজের ক্ষেত্র তৈরি হবে। কাঁচামাল উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত মানুষরাও উপকৃত হতে পারেন। অর্থাৎ এই ব্যবসার প্রসার স্থানীয় অর্থনীতির নানা স্তরে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের পথ খুলে দিতে পারে।
যে শহরের শৈশব একসময় মিষ্টি দই, মালাইকারি ও লালমোহনের স্বাদে বড় হয়েছে, সেই শহরেই বাঙালি মিষ্টির ব্যবসা নতুন প্রজন্মের কাছে আত্মনির্ভরতার ক্ষেত্র হয়ে উঠতে পারে। তার জন্য ঐতিহ্যকে কেবল অতীতের স্মৃতি হিসেবে সংরক্ষণ করলেই চলবে না। আধুনিক বিপণন, পণ্যে বৈচিত্র্য, দক্ষতা উন্নয়ন, পরিচ্ছন্নতা, মান বজায় রাখা ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে এই ব্যবসাকে সময়ের সঙ্গে এগিয়ে নিতে হবে। পুরোনো স্বাদের নিজস্বতা অক্ষুণ্ণ রেখে নতুন ক্রেতার চাহিদা বোঝা গেলে শিলিগুড়ির বাঙালি মিষ্টির দোকান বাজারে আবার জায়গা তৈরি করতে পারে।
(লেখক স্বতন্ত্র বাজার গবেষক ও অধ্যাপক।)

