কোচবিহার: ভোটাভুটির ময়দানে লড়াই থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক শ্রদ্ধাবোধ যে রাজনীতির সীমানায় আটকে থাকে না, ফের তার প্রমাণ মিলল কোচবিহারে (Cooch Behar)। বিজয়া দশমীর আবহ বজায় রেখে বৃহস্পতিবার সকালে প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষের (Rabindranath Ghosh) বাসভবনে হাজির হলেন বিজেপি নেতা পঙ্কজ বুচ্চা। অসুস্থতার কারণে বর্তমানে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলছেন প্রবীণ এই তৃণমূল নেতা। এই পরিস্থিতিতে প্রবীণ নেতার স্বাস্থ্যের খবর নিতে এবং বিজয়ার প্রণাম জানাতে সরাসরি তাঁর গৃহে পৌঁছে যান এই বিজেপি (BJP) নেতা।
রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে এই সাক্ষাতের গুরুত্ব অপরিসীম। বিগত ২০২২ সালের কোচবিহার পুরসভা নির্বাচনের ৮ নম্বর ওয়ার্ডে এই রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধেই পদ্মফুলের টিকিটে লড়াইয়ে নেমেছিলেন পঙ্কজ বুচ্চা। নির্বাচন কেন্দ্রিক সেই প্রতিদ্বন্দ্বিতাকে দূরে সরিয়ে রেখে প্রবীণ রাজনীতিকের পদধূলি গ্রহণ করে এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।
প্রবীণ নেতার সান্নিধ্য পেয়ে পঙ্কজ বুচ্চা জানান, “রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকতেই পারে। রবীন্দ্রনাথ ঘোষ এমন একজন ব্যক্তি, যিনি কোচবিহারে একটি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি আমার জেঠুর মতো। বর্তমানে তিনি কিছুটা অসুস্থ রয়েছেন। তাই তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং বিজয়ার আশীর্বাদ নিতে এসেছিলাম।” দুই ভিন্ন মেরুর রাজনৈতিক ব্যক্তিত্বের এই বিরল ও উষ্ণ সৌজন্যমূলক আচরণ উত্তরবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।
The submit Cooch Behar | রাজনীতির আঙিনা পেরিয়ে প্রবীণ তৃণমূল নেতার দুয়ারে পদ্মনেতা, কোচবিহারে সৌজন্যের রাজনীতি appeared first on Uttarbanga Sambad.
