জলপাইগুড়ি: উৎসবের মেজাজ কেটে কাজে ফেরার আনন্দ মুহূর্তেই বদলে গেল চরম হতাশায়। দুর্গাপুজোর ছুটি শেষে কাজে যোগ দিতে এসে কারখানার গেটে ঝুলন্ত তালা এবং লকআউট নোটিশ (Tea Manufacturing unit Lockout) দেখে যেন আকাশ ভেঙে পড়ল শ্রমিকদের মাথায়। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের করতোয়া এলাকার এক বটলিফ (Purchased Leaf) চা কারখানায় বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
উক্ত কারখানায় কাঁচা চা পাতা প্রক্রিয়াজাত করে চা তৈরি করা হয়। এখানে মোট ৫০ জন কর্মী কাজ করেন—যার মধ্যে ৩৩ জন স্থায়ী শ্রমিক, ১৫ জন অস্থায়ী শ্রমিক এবং ২ জন কর্মী রয়েছেন। শ্রমিকদের অভিযোগ, পুজোর আগে তাদের পাওনা বোনাস দেওয়া হয়নি। পরবর্তীতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, পুজোর পর স্থায়ী শ্রমিকদের ১০ হাজার টাকা এবং অস্থায়ী শ্রমিকদের ৫ হাজার টাকা করে বোনাস মেটানো হবে। কিন্তু সেই বকেয়া বোনাস না মিটিয়েই হঠাৎ কারখানার গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
কারখানা কর্তৃপক্ষের তরফে টাঙানো নোটিশে বন্ধের কারণ হিসেবে ‘রুগ্ন আর্থিক অবস্থা’-র কথা উল্লেখ করা হয়েছে। তবে কারখানার কর্মী নিয়ল দেবনাথ ও শ্রমিক আজিবর মহম্মদদের দাবি, অবিলম্বে কারখানা চালু করে বকেয়া বোনাস মিটিয়ে দিতে হবে। শ্রমিকদের আরও অভিযোগ, চলতি অর্থবর্ষে মালিকপক্ষ মজুরি সংক্রান্ত কোনো নতুন চুক্তি করেনি। এমনকি শ্রমিকদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা কেটে নেওয়া হলেও তা পিএফ দপ্তরে জমা করা হচ্ছে না।
হঠাৎ এই লকআউট নোটিশের বিরুদ্ধে এবং নিজেদের বকেয়া পাওনার দাবিতে সোচ্চার হয়েছেন শ্রমিকরা। এই বিষয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ির উপ-শ্রম আধিকারিকের দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।

