Cooch Behar | নিষেধ উড়িয়ে বিকট শব্দের তাণ্ডব! কোচবিহারে অসুস্থ হয়ে হাসপাতালে বহু মানুষ

শিক্ষা
Spread the love


শিবশংকর সূত্রধর, কোচবিহার: দু’দিন আগেই টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী বলেছিলেন, ‘বাজি ফাটালে অসুখ-বিসুখ সেরে যায়।’ কোন যুক্তিতে তিনি এমন কথা বলেছিলেন, তা তিনিই জানেন। কোচবিহারের (Cooch Behar) ছবিটা অবশ্য সম্পূর্ণ উলটো। গত দু’দিনে শব্দবাজির দাপটে কানের সমস্যা, বুক ধড়ফড় এবং নানা শারীরিক অসুবিধা নিয়ে হাসপাতালে ও বেসরকারি ক্লিনিকে ছুটেছেন বহু মানুষ। তাঁদের মধ্যে শিশু ও প্রবীণদের সংখ্যাই বেশি। বিকট আওয়াজের জেরেই এমন সমস্যা বাড়ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। শব্দবাজি নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতা নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন রোগীর পরিজনরা।

উৎসবের রাতে বাজির শব্দ নতুন নয়। কিন্তু অনুমোদিত সবুজ বাজির বদলে নিষিদ্ধ শব্দবাজির ব্যবহারই উদ্বেগ বাড়াচ্ছে। হঠাৎ বিকট আওয়াজে কানের সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। শিশু ও প্রবীণদের ক্ষেত্রে তাই বাড়তি সতর্কতা জরুরি।

পরিবেশপ্রেমীদের দাবি, গত কয়েক বছরের তুলনায় এ বছর সবচেয়ে বেশি শব্দবাজি ফেটেছে। সুপ্রিম কোর্টের (Supreme Courtroom) নির্দেশ কার্যত অগ্রাহ্য করে অবাধে নিষিদ্ধ বাজি ফাটানোয় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও বিপন্ন হচ্ছে। সোমবার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃদ্ধ বাবাকে চিকিৎসার জন্য নিয়ে যান শহরের বাসিন্দা শুভম রায়। রাত থেকেই তাঁর বাবার বুকে ব্যথা সহ নানা সমস্যা দেখা দিয়েছিল। শুভম বলেন, ‘এলাকায় প্রায় সারারাত ধরে শব্দবাজি ফেটেছে। বাবা এমনিতেই হৃদরোগ সম্পর্কিত সমস্যা রয়েছে। একনাগাড়ে আওয়াজের জেরে রাত থেকেই বুকে ব্যথা হচ্ছিল। তাই হাসপাতালে নিয়ে এসেছি।’

শুধু সরকারি হাসপাতাল নয়, একই ছবি দেখা গিয়েছে বেসরকারি ক্লিনিকগুলিতেও। কোচবিহার শহরের ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক বাপন দেবনাথের চেম্বারে এদিন শব্দবাজির দাপটে সমস্যায় পড়া একাধিক রোগী আসেন। ওই চিকিৎসক বলেন, ‘এদিন আমার কাছে এই সম্পর্কিত অনেক রোগী এসেছেন। বিকট আওয়াজে কানের মারাত্মক সমস্যা হতে পারে। নিষিদ্ধ শব্দবাজি কখনোই ফাটানো উচিত নয়। কোথাও এ ধরনের সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক সুরক্ষার জন্য ইয়ার প্লাগ ব্যবহার করা যেতে পারে।’ একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার পর ছেলেকে নিয়ে বেরোচ্ছিলেন মল্লিকা রায়। তিনি জানান, ছেলেকে নিয়ে রাস্তায় সবুজ বাজি পোড়াচ্ছিলেন তাঁরা। সেই সময় কাছেই কয়েকজন কিশোর বিকট শব্দে বাজি ফাটায়। এরপর থেকেই ছেলের কানে সমস্যা শুরু হয়। সেই সমস্যার চিকিৎসা করাতেই এদিন ক্লিনিকে এসেছিলেন তিনি।

জেলার নার্সিংহোমগুলিতেও এদিন একই ছবি দেখা যায়। গভীর রাত তো বটেই, ভোররাতেও শব্দবাজির দাপট চলেছে বলে অভিযোগ। ভোরের বিকট আওয়াজে বারবার ঘুম ভেঙেছে পরিবেশপ্রেমী অরূপ গুহর। কোচবিহারের প্রবীণ এই বাসিন্দা বলেন, ‘এ বছর অনিয়ন্ত্রিতভাবে তুলনামূলক বেশি শব্দবাজির আওয়াজ পাওয়া গিয়েছে। অসচেতনতার ছবিই দেখা গেল। শুধু শব্দ দূষণই নয়, যেভাবে বায়ু দূষণ হয়েছে তাতে দিল্লির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। দিল্লি এখন বায়ু দূষণের ফলে ভুগছে। কয়েক বছরের মধ্যে কোচবিহারে এরকম অবস্থা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। শ্বাসকষ্টজনিত রোগ অজান্তেই বাড়তে থাকবে।’

শব্দবাজি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের (MJN Medical Faculty & Hospital) এমএসভিপি তনয় মোহন্ত। তিনি বলেন, ‘দীপাবলি আলোর উৎসব। সবাই রংবেরঙের আলোয় মেতে উঠুন। স্বাস্থ্যের কথা মাথায় রেখে শব্দবাজি এড়িয়ে যাওয়া উচিত।’

শব্দবাজির দাপট নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও কয়েক জায়গায় সতর্ক করা ছাড়া পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা দেখা যায়নি বলে অভিযোগ। পুলিশের এক আধিকারিক বলেন, ‘শব্দবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলেছে। আগেই অনেক নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছিল। বাজি ফাটাতে উদ্যত হয়েছিল এরকম অনেককেই সতর্ক করা হয়েছে।’

রংবেরঙের আলো আর সবুজ আতশবাজির বিচ্ছুরণে যখন উৎসবের আনন্দ ছড়িয়েছে, তখনই বিকট শব্দবাজি হয়ে উঠেছে আতঙ্কের কারণ। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আগামী উৎসবগুলিতে আগেভাগে নিষিদ্ধ শব্দবাজি নিয়ন্ত্রণের দাবি উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *