কোচবিহার: কোচবিহার (Cooch Behar) শহরের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন লালদিঘিতে (Laldighi) হঠাৎ করেই একের পর এক বড় মাছের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দিঘির জলে মৃত মাছ ভেসে উঠতে শুরু করে এবং শুক্রবার সকালেও প্রচুর মাছ মৃত অবস্থায় ভেসে থাকতে দেখা যায়। রুই, কাতলা থেকে শুরু করে সিলভার কার্পের মতো বড় মাছের আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
কী কারণে এত মাছের মৃত্যু হল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দিঘির জলে কোনও ধরনের বিষক্রিয়া হয়েছে কি না, কিংবা কেউ ইচ্ছাকৃতভাবে জলে বিষ মিশিয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে। যদিও মাছের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এদিকে, দিঘিতে মৃত মাছ ভেসে উঠতেই সেগুলি ধরতে শুরু করেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে দিঘিটি লিজে থাকায় নিয়মিত দেখাশোনা করা হত। বর্তমানে দিঘিটি লিজে রয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। অনেকের ধারণা, দিঘিতে জমে থাকা নোংরা আবর্জনা থেকে জলের গুণমান নষ্ট হয়ে মাছের মৃত্যু হতে পারে। তবে দূষণ, অক্সিজেনের ঘাটতি নাকি অন্য কোনও কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট তদন্তের দাবি তুলেছেন সচেতন নাগরিকরা।

