বিধায়ক হওয়ার দরুণ সরকারের তরফ থেকে একটি রেস্ট হাউস পেয়েছিলেন। কিন্তু সেই রেস্ট হাউসেই আপত্তিকর অবস্থায় দেখা গেল যুবক-যুবতীকে! মধ্যপ্রদেশে এহেন কাণ্ড দেখে বিধায়কের চক্ষু চড়কগাছ। প্রশ্ন উঠছে, সরকারি ভবনে এইভাবে কেউ ঢুকে পড়েন কী করে? কেনই বা বিধায়কের জন্য বরাদ্দ রেস্ট হাউসে পর্যাপ্ত নিরাপত্তা নেই?
মধ্যপ্রদেশের মাহিদপুর কেন্দ্রে কংগ্রেসের টিকিটে জিতেছেন দীনেশ জৈন বস। তিনি বলছেন, এমএলএ রেস্ট হাউসের তিন নম্বর ব্লকের দু’টি ঘর তাঁর জন্য বরাদ্দ করা হয়েছিল। গত ২ নভেম্বর তিনি সেখানে গিয়েছিলেন বিশ্রাম নেওয়ার জন্য। কেয়ারটেকারকে গিয়ে বলেন একটি ঘরের দরজা খুলে দেওয়ার জন্য়। কিন্তু কেয়ারটেকার জানায়, ১৫ নম্বর ঘর বরাদ্দ থাকলেও তা খুলে দেওয়া যাবে না। পাশের ঘরের চাবি দেওয়া হয় বিধায়ককে।
আরও পড়ুন:
তিনি ঘর খুলতেই চক্ষু চড়কগাছ। পাশের ঘরে আপত্তিকর অবস্থায় যুগলকে দেখে ফেলেন কংগ্রেস বিধায়ক। সঙ্গে সঙ্গে অবশ্য দু’জনে পালিয়ে যান। সঙ্গে সঙ্গেই ওই রেস্ট হাউসের দেখাশোনার দায়িত্বে থাকা প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করেন দীনেশ। জানতে চান, তাঁর জন্য বরাদ্দ ঘরে কেন এইভাবে ঢুকতে পারছেন বহিরাগতরা? ওই যুগলের পরিচয়ও জানা যায়নি। কীভাবে তাঁরা বিধায়কের ঘর পর্যন্ত পৌঁছে গেলেন, তাও অজানা। প্রাথমিকভাবে অনুমান, কেয়ারটেকারই ঘরের চাবি দিয়েছিলেন যুগলকে।
গোটা ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখেছেন কংগ্রেস বিধায়ক। কেন এইভাবে তাঁর ঘরের অপব্যবহার হচ্ছে, তার তদন্ত দাবি করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ত দপ্তর। যুগলের হাতে ঘরের চাবি গেল কী করে, আপাতত সেই নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। চাবি দেওয়ার সঙ্গে কোনও আর্থিক লেনদেন জড়িয়ে রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হবে। কেনই বা বিধায়কের ঘরের চাবি যত্রতত্র ছড়িয়ে দেওয়া হল, সেই প্রশ্ন উঠছে মধ্যপ্রদেশে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
