উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘদিন ধরে চলা ছাত্র আন্দোলনের অবসান ঘটল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বাকি দাবিগুলি কেন্দ্র মেনে নিতেই আন্দোলন তুলে নেওয়ার কথা (Agitation withdrawn) ঘোষণা করল ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Occasion)। দিল্লির যন্তরমন্তরে (Jantar Mantar) চলা এই অবস্থান বিক্ষোভ প্রত্যাহারের কথা জানিয়েছেন সংগঠনের প্রধান মুখপাত্র সৌরভ দাস।
জানা গিয়েছে, সরকারের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের টানা তিন দফা বৈঠকের পরেই এই সমঝোতা হয়। মূলত তিনটি প্রধান দাবিকে সামনে রেখে গত ৬ জুন থেকে আন্দোলন শুরু করেছিল সিজেপি। দাবিগুলির মধ্যে ছিল— কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রতিবাদী ও সংগঠকদের বিরুদ্ধে থাকা সমস্ত মামলা তুলে নেওয়া এবং নিটের প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মঘাতী হওয়া পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া। শনিবার ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই প্রথম দাবিটি পূর্ণ হয় (Dharmendra Pradhan resignation)।
এরপর শনিবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। সেই বৈঠকেই দিল্লি সহ সমস্ত রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর দ্রুত প্রত্যাহারের বিষয়ে সম্মত হয় কেন্দ্র। এছাড়া, আগামী মঙ্গলবার সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি লিখিত গ্যারান্টিও দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, নিটের প্রশ্নফাঁসের ঘটনায় আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে নিয়ম মেনে সম্মানীয় ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছে সরকার। পাশাপাশি, সিজেপির পেশ করা পাঁচ দফা শিক্ষা সংস্কারের রূপরেখা খতিয়ে দেখতে আগামী চার সপ্তাহের মধ্যে ফের বৈঠকে বসবে কেন্দ্র ও আন্দোলনকারী প্রতিনিধি দল।
সরকারের দেওয়া প্রতিশ্রুতির উপর আস্থা রেখেই আপাতত সদর্থক মনোভাব নিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছে সিজেপি। সেই মতো আন্দোলনকারীদের কাছে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আর্জি জানিয়েছেন সৌরভ দাস। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত শর্ত বাস্তবায়িত না হলে পরবর্তী পদক্ষেপ করা হতে পারে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে সংগঠনটি।

