উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কলকাতায় (Kolkata) নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদ মিছিলে (NEET protest) সাংবাদিক হেনস্তার (Journalist Assault) ঘটনায় আরও একবার কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। রবিবার কার্গিল বিজয় দিবসে নন্দীগ্রামের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, সাংবাদিকদের উপরে আক্রমণকারী ব্যক্তিরা কোনও আন্দোলনের অংশ নন, তারা সম্পূর্ণভাবে ‘গুন্ডা’। তাদের বিরুদ্ধে কঠোর ‘গুন্ডাদমন আইন’ প্রয়োগ করা হবে।
গত শুক্রবার কলকাতায় নিট প্রশ্নপফাঁসের প্রতিবাদে আয়োজিত আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সংবাদ সংগ্রহের সময় একাধিক সাংবাদিকরা আক্রান্ত হন। এরপরই মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। ইতিমধ্যেই এই ঘটনায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, এই মিছিল বামেদের ছিল না। তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের কর্মীদের যে ভাবে মারা হয়েছে, তা প্রাণে মারার চেষ্টার সমান।’ অতীতে বিভিন্ন নির্বাচনে সংবাদকর্মীদের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে কার্যকর পদক্ষেপ না হলেও বর্তমান সরকার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, এই ঘটনার নেপথ্যে জামাতি ও মৌলবাদী শক্তি যুক্ত রয়েছে, যারা ভারতবর্ষকে অস্থিতিশীল করতে চায়। খারিজি মাদ্রাসার তদন্ত, ওবিসি সার্টিফিকেট বাতিলের মতো সরকারের বিভিন্ন কঠোর নীতি কার্যকর হওয়ায় এই শক্তিগুলো ক্ষিপ্ত হয়ে এই ধরনের অরাজকতা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি, আন্দোলনের নামে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারার ঘটনার তীব্র নিন্দা করে তিনি পুনর্ব্যক্ত করেন যে, দুষ্কৃতীদের কাউকেই রেয়াত করা হবে না (Strict Motion)।

