উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মুর্শিদাবাদের ধুলিয়ানে এক তরুণকে নৃশংসভাবে খুনের (Dhulian Homicide Case) ঘটনায় পুলিশের গাফিলতির প্রমাণ মিলতেই কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। চার পুলিশ আধিকারিক ও কর্মীকে সাসপেন্ড করলেন তিনি (Police Officers Suspended)। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কড়া পদক্ষেপের কথা জানান।
গত ২৮ অগাস্ট বাড়ি থেকে বেরোনোর পর নিখোঁজ হন সুজিত মণ্ডল নামে ৩৬ বছর বয়সি এক তরুণ। তাঁর স্ত্রীর অভিযোগ জানানো সত্ত্বেও স্থানীয় পুলিশ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ ওঠে। অবশেষে গত ২ সেপ্টেম্বর ফরাক্কার ফিডার ক্যানাল থেকে তাঁর খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার হয়। এই ঘটনায় সামিউল শেখ, তাজকিরা বিবি এবং জনি শেখকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি, কর্তব্যে গাফিলতির অভিযোগে ধুলিয়ান পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এএসআই সুমন্ত দাস এবং সমশেরগঞ্জ থানার এসআই সইফুল আলমকে সাসপেন্ড করা হয়েছে। থানার আইসি সুব্রত ঘোষকে পুলিশ লাইনে ক্লোজ করার পাশাপাশি ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহের কাছেও রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র দপ্তর।
এদিন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী সমশেরগঞ্জের আলোচিত হরগোবিন্দ ও চন্দন দাস খুনের প্রসঙ্গ টানেন। পুরো ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং মামলার তদন্তভার সিআইডি-র (CID) হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় ও সাধারণ মানুষের সুরক্ষায় পুলিশের কোনওরকম নিষ্ক্রিয়তা বরদাস্ত করা হবে না।

