উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোমবার নবান্নে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Shuvendu Adhikari)। এদিন রাজ্যের দুর্নীতি ও সই জালিয়াতির অভিযোগ নিয়ে গর্জে উঠে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইন সবার জন্য সমান।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি (BJP) সরকারে কোনো চোর ছাড় পাবেন না। আমাদের সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। এরা শুধু সাধারণ মানুষই নন, নিজেদের দলের বিধায়কদের সঙ্গেও প্রতারণা করেছেন। এরা সবাই প্রতিষ্ঠিত চোর।”
উল্লেখ্য, বিধায়ক সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সই জালিয়াতির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা তদন্তে সহযোগিতা করবেন না, তাঁদের রেয়াত করা হবে না।” সিআইডি তলব করা সত্ত্বেও আঞ্চলিক দলের সাধারণ সম্পাদক এদিন হাজিরা দেননি বলে অভিযোগ করেন তিনি।
তৃণমূলের অন্দরে দুর্নীতি নিয়ে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “পুরো দলটাই দুর্নীতিগ্রস্ত। ভোটের আগে প্রার্থীরা পালিয়ে বেড়াচ্ছেন। তৃণমূলের (TMC) জন্য রাস্তায় নামার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না।” শেষে কটাক্ষের সুরে তিনি বলেন, “সব চোরেদের পাঠশালা হলো কালীঘাটের (Kalighat) ওই টালির চালা।” মুখ্যমন্ত্রীর এই কঠোর অবস্থান রাজ্য রাজনীতিতে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে। ওয়াকিবহাল মহলের মতে, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে বিজেপি সরকার তাদের অবস্থান আরও স্পষ্ট করল।
