উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বারবার পিচ বদল করেও আর থিতু হতে পারছে না শীতের ব্যাটিং (Climate Replace)। ভ্যালেন্টাইনস ডে বা সরস্বতী পুজোর সেই চেনা শিরশিরানি কি এবার অধরাই থাকবে? আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাসে সেই আশঙ্কাই জোরালো হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবারের পর থেকেই পাকাপাকিভাবে রাজ্য থেকে পাততাড়ি গোটাতে শুরু করবে শীত।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে (North Bengal Climate) আবহাওয়া আপাতত মনোরম থাকবে। হিমালয় সংলগ্ন জেলাগুলোতে তাপমাত্রা ৬ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে পাহাড় ভ্রমণে বাধা হতে পারে কুয়াশা। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day Climate)-তে যারা পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের কুয়াশার কথা মাথায় রেখেই যাত্রার সময় স্থির করতে হবে।
বর্তমান পরিস্থিতি ও দক্ষিণবঙ্গের চিত্র: শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭.১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আবহাওয়াবিদদের মতে, আগামী পাঁচ দিন ভোর এবং রাতে শীতের আমেজ কিছুটা বজায় থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ অনুভূত হবে। সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ১৪ই ফেব্রুয়ারি প্রেমের উৎসবে ভারী সোয়েটার বা জ্যাকেট নয়, বরং হালকা স্টাইলিশ পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন বঙ্গবাসী।
তবে এখনই কুয়াশা থেকে রেহাই নেই। দক্ষিণবঙ্গের (South Bengal Climate) পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলোতে ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকলেও ভোরে যাতায়াতের ক্ষেত্রে দৃশ্যমানতার অভাব ভোগাতে পারে।
কেন এই অকাল বিদায়? শীতের এই আকস্মিক বিদায়ের নেপথ্যে রয়েছে বায়ুমণ্ডলের একাধিক পরিবর্তন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু-কাশ্মীরে প্রবেশ করছে। পাশাপাশি হরিয়ানা ও উত্তরপ্রদেশে তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। এই ভৌগোলিক পরিবর্তনের ফলে উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হচ্ছে এবং জলীয় বাষ্পের আধিক্য বাড়ছে, যার জেরেই ফিকে হয়ে আসছে শীতের আমেজ।
