পারডুবি: ঘড়ির কাঁটায় তখন দুপুর সাড়ে ১২টা। স্কুলের বারান্দায় ছাত্রছাত্রীরা খেলাধুলা করলেও ক্লাসরুমে শিক্ষক নেই। ৬ জন শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২ জন। এমনই চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি (Pardubi) গ্রাম পঞ্চায়েতের ১১ মাইল গোপাল দে স্মৃতি এমএসকে (MSK) বিদ্যালয়ে। এর প্রতিবাদে শনিবার স্কুল প্রাঙ্গণে আছড়ে পড়ল গ্রামবাসীদের ক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনতা স্কুলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৬ জন শিক্ষক থাকলেও অধিকাংশ দিন মাত্র ১-২ জন উপস্থিত থাকেন। বাকিরা খেয়ালখুশি মতো যাতায়াত করেন। স্কুল চত্বর ও ক্লাসরুম আবর্জনায় ভরে রয়েছে, যা কার্যত গোয়ালঘরের সমতুল্য। মিড-ডে মিলের ডাইনিং শেড চত্বরেও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ।
সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি, বিদ্যালয়ের দুই নাবালক প্রাক্তন ছাত্রকে দিয়ে কিচেন গার্ডেনের জমি তৈরির কাজ করানো হচ্ছিল। কীভাবে নাবালকদের দিয়ে এমন অমানবিক ও অবৈধ কাজ করানো সম্ভব, সেই প্রশ্ন তুলে উপস্থিত দুই শিক্ষককে ঘিরে ধরেন স্থানীয়রা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধনঞ্জয় বিশ্বশর্মা জানান, তিনি অসুস্থতার কারণে ছুটিতে আছেন। দুজন শিক্ষক কেন অনুপস্থিত তা তিনি খোঁজ নিয়ে দেখবেন। তবে নাবালকদের দিয়ে কাজ করানোর অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন। অন্যদিকে, মাথাভাঙ্গা ২ ব্লকের সমিতি এডুকেশন অফিসার সুরজিত রায় ও বিডিও অর্ণব মুখোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গ্রামবাসীদের হুঁশিয়ারি, এরপরেও পঠনপাঠন ও স্কুলের পরিবেশের উন্নতি না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
