উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: NEET-UG পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরবর্তীতে যন্তরমন্তরের আন্দোলন ঘিরে উত্তাল রাজধানী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখনও নিজেদের অবস্থানে সম্পূর্ণ অনড় রয়েছে ‘কাকরোচ জনতা পার্টি’ বা সিজেপি (CJP Protest)। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সিজেপি নেতাদের দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আন্দোলনকারীদের তরফে দাবি করা হয়েছে, আগামী শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র। সরকারের এই বার্তার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
সংবিধান ক্লাবে প্রায় দু’ঘণ্টা ধরে চলা এই বৈঠকে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তাঁদের মূল তিনটি দাবির মধ্যে দুটিতে ইতিমধ্যেই নীতিগত সায় দিয়েছে সরকার। মৃত NEET পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর ও আইনি মামলা তুলে নেওয়ার বিষয়ে কেন্দ্র রাজি হয়েছে বলে দাবি সিজেপির। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ অলোচনা সাপেক্ষে নন-নেগোশিয়েবল বা শর্তসাপেক্ষ নয় বলেই সাফ জানিয়ে দিয়েছে প্রতিবাদী সংগঠনটি।
বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা জেপি নাড্ডা জানান, আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। সিজেপির তরফে তিনটি প্রধান দাবি এবং পরীক্ষার সংস্কারের জন্য পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, আগামী শনিবার দুপুরে ফের দুপক্ষের পরবর্তী দফার বৈঠক বসবে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সরকার ঠিক কী সিদ্ধান্ত নিতে চলেছে, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন নাড্ডা।
এদিকে বিক্ষোভ প্রশমিত করতে এবং ছাত্ররোষ কমাতে তৎপরতা বাড়িয়েছে খোদ কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi) একটি ভিডিও বার্তার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, সিজেপি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে যে শনিবারের মধ্যে যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না আসে, তবে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে। সবমিলিয়ে, এই সংকট নিরসনে শনিবারে হতে চলা তৃতীয় দফার বৈঠকই এখন সবচেয়ে বড় রাজনৈতিক টার্নিং পয়েন্ট হতে চলেছে।

