Chopra | কাজের চাপে বিএলও-র মৃত্যু! চোপড়ায় তীব্র চাঞ্চল্য

Chopra | কাজের চাপে বিএলও-র মৃত্যু! চোপড়ায় তীব্র চাঞ্চল্য

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


চোপড়া: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR Work Strain) সংক্রান্ত কাজের মাত্রাতিরিক্ত চাপে এক বিএলও-র (BLO) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের চোপড়ায়। মৃত ব্যক্তির নাম বিপিন টোপ্পো (৪৫)। তিনি চোপড়া ব্লকের ৭৮ নম্বর বুথের বিএলও এবং বালাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিপিনবাবুর বাড়ি দেবীঝোর এলাকায়। সম্প্রতি এসআইআর-এর কাজ নিয়ে তিনি প্রচণ্ড মানসিক ও শারীরিক চাপের মধ্যে ছিলেন। তাঁর স্ত্রী রেশমা টোপ্পো জানান, শুক্রবার ভোরে ঘুম থেকে ওঠার পরেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন এবং শারীরিক অস্বস্তি বাড়তে থাকে। দ্রুত তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে (Islampur Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের বোনজামাই শুকদেব বেসরার স্পষ্ট দাবি, বিএলও-র দায়িত্ব পালনের চাপে অসুস্থ হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে এদিন সন্ধ্যায় মৃত শিক্ষকের বাড়িতে পৌঁছান রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী (Ghulam Rabbani) এবং এলাকার বিধায়ক হামিদুল রহমান (Hamidul Rahman)। মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের সরকারি চাকরির বিষয়ে আশ্বাস দেন। অন্যদিকে, বিধায়ক হামিদুল রহমান বিএলও-দের কাজের চাপের বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, ‘কাজের চাপে এক বিএলও-র মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ স্থানীয় তৃণমূল নেতৃত্বও প্রশাসনিক স্তরে কাজের বোঝার দিকে আঙুল তুলেছেন।

পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে নির্বাচনের মুখে ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে যুক্ত থাকা এক কর্মীর এই অস্বাভাবিক মৃত্যুতে সরকারি মহলে উদ্বেগ তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *