উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৩০ এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা (Chardham Yatra)। ওইদিন ভক্তদের জন্য খুলবে উত্তরাখণ্ডের (Uttarakhand) গঙ্গোত্রী ও যমুনোত্রী ধাম। বাকি দুই ধাম অর্থাৎ কেদারনাথ (Kedarnath) ও বদ্রীনাথের দরজা খুলবে ২ ও ৪ মে। চারধাম যাত্রায় কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তীর্থযাত্রীদের জন্য সতর্কবার্তা জারি করেছে উত্তরাখণ্ড সরকার।
তাতে বলা হয়েছে, চারধাম যাত্রার আগে তীর্থযাত্রীরা প্রত্যেকে যেন শারীরিক পরীক্ষা করান। চিকিৎসকদের তরফে ফিট সার্টিফিকেট মিললে তবেই যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যাঁরা অসুস্থ বা ৫৫ বছরের বেশি, তাঁদের বিশেষভাবে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতি বছর চারধাম যাত্রার সময় বহু তীর্থযাত্রী স্বাস্থ্য জটিলতার সম্মুখীন হন। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর চারধাম যাত্রার সময় স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার কারণে ২৪৬ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। যেখানে ২০২৩ সালে সেই সংখ্যা ছিল ২৪২ জন।
