উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে এখন যেন রানের বন্যা। ব্যাটারদের তাণ্ডবে বোলারদের কৃতিত্ব প্রায়শই হারিয়ে যায়। কিউরেটরদের ব্যাটিং-সহায়ক পিচ আর মাঠের গণ্ডি ছোট করে দেওয়ার ফলে এখন অনায়েসেই ২০০-র বেশি রান উঠছে। এই পরিস্থিতিতে ক্রিকেটের ভারসাম্য বজায় রাখতে এবং ম্যাচে প্রতিযোগিতার আমেজ ফিরিয়ে আনতে তিনটি নতুন ও চমকপ্রদ প্রস্তাব (IPL Proposals) নিয়ে হাজির হলেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
আকাশ চোপড়ার ৩টি প্রস্তাব:
১. উইকেট শিকারী বোলারদের অতিরিক্ত সুবিধা: আকাশ চোপড়া প্রস্তাব দিয়েছেন, কোনো বোলার যদি ৪ ওভারে ৩টি উইকেট পান, তবে তাঁকে পুরস্কার হিসেবে একটি অতিরিক্ত ওভার বল করার অনুমতি দেওয়া হোক। এমনকি, দলের তিনজন বোলার যদি তিনটি করে উইকেট নিতে পারেন, তবে প্রত্যেকে একটি করে অতিরিক্ত ওভার পাবেন। আকাশ মনে করেন, এর ফলে দলগুলো শুধু রান বাঁচানোর রক্ষণাত্মক মানসিকতা থেকে বেরিয়ে এসে আক্রমণাত্মকভাবে উইকেট তোলার চেষ্টা করবে।
২. বড় ব্যবধানে জয়ের জন্য বোনাস পয়েন্ট: লিগ পর্বের ম্যাচগুলোতে দলগুলোকে বড় ব্যবধানে জেতার জন্য উৎসাহিত করতে তিনি ‘বোনাস পয়েন্ট’-এর কথা বলেছেন। তাঁর মতে, কোনো দল যদি ১৫-১৬ ওভারের মধ্যে লক্ষ্যপূরণ করে বা প্রতিপক্ষকে ৪০ বা তার বেশি রানে হারায়, তবে সেই দলকে ২ পয়েন্টের বদলে ৩ পয়েন্ট দেওয়া উচিত। এর ফলে ম্যাচ শেষ পর্যন্ত একপেশে হবে না এবং প্রতিটি দল শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণাত্মক খেলবে।
৩. ১০০ মিটারের ছক্কায় ৮ রান: আকাশ চোপড়ার তৃতীয় প্রস্তাবটি সবচেয়ে আকর্ষণীয়। তিনি মনে করেন, কোনো ব্যাটার যদি ১০০ মিটার বা তার বেশি দূরত্বের ছক্কা মারেন, তবে তাঁকে ৬-এর বদলে ৮ রান দেওয়া হোক। তাঁর মতে, বড় ছক্কা মারার রোমাঞ্চে ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়বে, যা খেলার উত্তেজনার পারদকে কয়েকগুণ বাড়িয়ে দেবে।
বিসিসিআই কি মানবে? আকাশ চোপড়ার এই প্রস্তাবগুলো ক্রিকেটের গতিপ্রকৃতি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এতে ব্যাটার ও বোলারদের লড়াইয়ে সমতা আসতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে বিসিসিআই (BCCI) এই বৈপ্লবিক প্রস্তাবগুলোকে গ্রহণ করবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। এই নিয়মগুলো কার্যকর হলে আইপিএল আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই।
