চ্যাংরাবান্ধা: আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নামে বিজেপি (BJP) কর্মী পরিচয় দিয়ে ‘তোলাবাজি’র অভিযোগে এক ব্যক্তিকে আটক ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল চ্যাংরাবান্ধার (Changrabandha) কলসিবান্ধা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ঘরের কাজ শুরু না করায় টাকা ফেরতের ভয় দেখিয়ে স্থানীয় নুর ইসলাম ও রবিউল ইসলামদের বাড়ি থেকে টাকা চাওয়া হচ্ছিল। অভিযুক্ত মহম্মদ মোস্তফাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় ক্ষুব্ধ জনতা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোস্তফা দাবি করেছেন, তিনি কোনো টাকা চাননি।
খবর পেয়ে বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি টিঙ্কু ঠাকুর ও মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য শুভময় ঘোষ ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা সাফ জানান, ধৃত ব্যক্তি দলের কেউ নন, বরং তৃণমূল আমল থেকেই উনি তোলাবাজি চক্রে জড়িত। মেখলিগঞ্জ থানা পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং জানিয়েছে, লিখিত অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
