Chanchal Physician Viral Video | রোগী দেখার ফাঁকে মোবাইলে তাসের গেম! চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকের ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


সামসী: সরকারি হাসপাতালে রোগী দেখার সময়ে অত্যন্ত সংবেদনশীল দায়িত্ব ছেড়ে অ্যান্ড্রয়েড মোবাইলে তাসের গেম খেলায় মগ্ন এক চিকিৎসক! এমন একটি চাঞ্চল্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল (Chanchal Physician Viral Video) চত্বরে ব্যাপক বিতর্ক ও শোরগোল শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি ওই হাসপাতালেরই একটি ওয়ার্ডের বলে দাবি করা হলেও, এই ভিডিওটির সত্যতা এখনও যাচাই করেনি ‘উত্তরবঙ্গ সংবাদ’। তবুও কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের এই দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ওই চিকিৎসকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সচেতন নাগরিক ও যুবকরা। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান যে বিষয়টি তাঁদের গোচরে নেই এবং এই নিয়ে এখনও পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগও জানাননি। হরিশ্চন্দ্রপুর, চাঁচল ও রতুয়া সহ মহকুমার মোট ছয়টি ব্লকের লক্ষাধিক মানুষ তো বটেই, এমনকি প্রতিবেশী রাজ্য বিহার থেকেও বহু রোগী উন্নত চিকিৎসার আশায় এই সুপার স্পেশালিটি হাসপাতালের ওপর নির্ভর করেন। ফলে এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়া নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে।

চিকিৎসকের এমন দায়িত্বহীন আচরণের ভিডিও প্রকাশ্যে আসতেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। ঘটনার তীব্র নিন্দা করে কংগ্রেসের চাঁচল-১ ব্লক সাধারণ সম্পাদক কাজি আতাউর রহমান অভিযোগ করেন, বর্তমান শাসকদলের আমলে এই হাসপাতালে এর আগেও একাধিকবার চিকিৎসায় গাফিলতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। রাজ্যে রাজনৈতিক পালাবদল হলেও সাধারণ মানুষের সরকারি পরিষেবার ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নতি যে হয়নি, এই ঘটনাই তার প্রমাণ। ঘটনা সত্যি হলে দ্রুত উচ্চপর্যায়ের তদন্ত করে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপি যুব মোর্চার উত্তর মালদার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মা বলেন, বিষয়টি ইতিমধ্যে প্রশাসনকে জানানো হয়েছে। রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা নিয়ে যতই তৎপরতার দাবি করুক না কেন, এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। স্বাস্থ্য দপ্তরের কাছে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *