সৌম্যজ্যোতি মণ্ডল, চাঁচল: চাঁচল সদর (Chanchal) এলাকায় রাজ্য সড়কের ধারের এক বিরিয়ানির দোকান ও দুটি রেস্তোরাঁতে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। মঙ্গলবার অভিযানে ছিলেন চাঁচল মহকুমার খাদ্য সুরক্ষা আধিকারিক রাহুল মণ্ডল, মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট যোগেশচন্দ্র মণ্ডল প্রমুখ।
অভিযানে নেমে প্রতিটি দোকানগুলিতে বেশ কিছু বেনিয়ম সামনে আসে। বিরিয়ানির দোকানে মাংস থেকে উদ্ধার হয় আরশোলা জাতীয় পোকা। বাজেয়াপ্ত করা হয় সেই বিরিয়ানির হাঁড়ি। রীতিমতো ধমকের সুরে খাদ্য সুরক্ষা আধিকারিক বলেন, ‘মানুষ কি টাকা দিয়ে আরশোলা দেওয়া বিরিয়ানি খাবে। নোটিশ দেওয়া হয় দোকান কর্তৃপক্ষকে।’
বাকি দুটি রেস্তোরাঁতেও বাসি খাবার পাওয়া যায়। মাংস থেকে শুরু করে বিভিন্ন খাবার ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে বিক্রি করা হয় বলে অভিযোগ। দুটি রেস্তোরাঁকেও নোটিশ দেওয়া হয়। প্রশাসনের দাবি, নিয়ম না মানলে এরপর সিল করে দেওয়া হবে। সাম্প্রতিককালে সদর এলাকায় ব্যাংয়ের ছাতার মতো গজিয়ে উঠছে একাধিক রেস্তোরাঁ। আদৌ রেস্তোরাঁগুলি সমস্ত নিয়ম মেনে চলছে কি না উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দা দীপক চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘প্রতি মাসে দেখছি, একটা করে নতুন রেস্তোরাঁ খুলছে। কিন্তু তাঁরা সরকারি গাইডলাইন মানছে কি না, এনিয়ে সংশয় আছে।’
চাঁচল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট যোগেশচন্দ্র মণ্ডল বলেন, ‘আজ খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়। কিছু বেনিয়ম পাওয়া গেছে। নোটিশ করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। একটি জায়গায় বিরিয়ানির মাংস থেকে পোকা জাতীয় কিছু উদ্ধার হয়েছে। সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। ট্রেড লাইসেন্স এবং খাদ্য সুরক্ষা দপ্তরের লাইসেন্স দোকানে ঝুলিয়ে রাখতে।’
