Chanchal | হাঁসুয়ার এলোপাতাড়ি কোপে কাটা পড়ল আঙুল! পড়শির হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন বৃদ্ধা

শিক্ষা
Spread the love


সামসী: প্রতিবেশী মহিলার হাঁসুয়ার এলোপাতাড়ি কোপে গুরুতর জখম হলেন ৬২ বছরের এক বৃদ্ধা (Aged Lady Attacked)। বুধবার সন্ধ্যায় চাঁচল-২ ব্লকের (Chanchal) চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাহারাবাদ গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত বৃদ্ধার নাম জাহানারা বিবি। পুলিশ ঘটনার পর অভিযুক্ত প্রতিবেশী মহিলা সম্রাট বিবি (৪০)-কে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা পৌনে আটটা নাগাদ নদীর ধারের নলকূপ থেকে হাত-মুখ ধুয়ে বাড়ি ফিরছিলেন জাহানারা বিবি। অভিযোগ, সে সময় ওত পেতে থাকা সম্রাট বিবি ধারালো হাঁসুয়া নিয়ে তাঁর ওপর আচমকা হামলা চালান। গলা, মাথা, হাত ও পিঠে পরপর ৮ থেকে ১০টি কোপ মারা হয়। হামলায় বৃদ্ধার ডান হাতের দু’টি আঙুল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

গোঙানির শব্দ শুনে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

আক্রান্তের ছেলে সোহেল চৌধুরী বলেন, ‘কী কারণে আমার মায়ের ওপর এই হামলা চালানো হল, তা বুঝতে পারছি না। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’ চাঁচল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে রক্তমাখা হাসুয়া ও বিচ্ছিন্ন আঙুল দু’টি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সম্রাট বিবিকে গ্রেপ্তার করে ঘটনার মূল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *