Chalsa Gram Panchayat | সংখ্যা গরিষ্ঠ হয়েও প্রার্থী দিল না তৃণমূল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চালসার নতুন প্রধান নির্বাচিত বিজেপির পবিত্রী রসাইলি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


চালসা: মাটিয়ালি ব্লকের চালসার মাটিয়ালি বাতাবাড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে মনোনীত হলেন বিজেপির পঞ্চায়েত সদস্যা পবিত্রী রসাইলি (Chalsa Gram Panchayat)। মঙ্গলবার কঠোর পুলিশি নিরাপত্তায় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রধান গঠনের নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। সেখানেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান হিসেবে পবিত্রী দেবীর নাম চূড়ান্ত হয়। নির্বাচন পর্ব মিটতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত বিজেপির কর্মী-সমর্থকরা। আবির খেলে আনন্দ উদযাপনের পাশাপাশি নবনির্বাচিত প্রধানকে সঙ্গে নিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে চালসা গোলাই পর্যন্ত একটি বর্ণাঢ্য মিছিলও বের করা হয়।

জানা গিয়েছে, এই গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ২৬। এর মধ্যে গত ১৭ আগস্ট তৃণমূলের তৎকালীন প্রধান দীপা মিঝা নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এছাড়া এক জন সদস্যের মৃত্যু হয়েছে। এদিন প্রধান নির্বাচনের সভায় মোট ২৪ জন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান দীপা মিঝা। উপস্থিত ২৪ জন সদস্যের মধ্যে বিজেপির ৫ জন, তৃণমূল কংগ্রেসের ১৭ জন এবং সিপিআইএম ও নির্দলের ১ জন করে সদস্য উপস্থিত ছিলেন।

এদিনের সভায় বিজেপির পঞ্চায়েত সদস্যা শঙ্করী মুখার্জী রাই প্রধান হিসেবে পবিত্রী রসাইলির নাম প্রস্তাব করেন এবং অপর সদস্যা রোমা ওরাওঁ সেই প্রস্তাবকে সমর্থন জানান। সভায় উপস্থিত অন্য সমস্ত পঞ্চায়েত সদস্যও একযোগে এই প্রস্তাবকে সমর্থন করেন। অন্য কোনো প্রার্থীর নাম প্রস্তাব না আসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান নির্বাচিত হন পবিত্রী রসাইলি।

প্রধান নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্বরে ছিল কড়া পুলিশি পাহারা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মাল এসডিপিও সুদীপ্ত সরকার এবং মেটেলি থানার আইসি মিংমা লেপচার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা মুড়ে রেখেছিল। সমস্ত প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর নবনির্বাচিত প্রধান পবিত্রী রসাইলি জানিয়েছেন, দলমত নির্বিশেষে আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়নে তিনি সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *