উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মাঝপথেই জরুরি অবতরণ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) হেলিকপ্টার। মঙ্গলবার কপ্টারে কেশপুরের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। কিন্তু কোলাঘাটে (Kolaghat) কপ্টারটি জরুরি অবতরণ করে (Helicopter emergency touchdown)।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণেই কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের পাশের মাঠে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টার। তবে ইতিমধ্যেই তিনি সড়কপথে কেশপুরের উদ্দেশে রওনা দিয়েছেন বলে খবর। তবে আকাশপথের বদলে তিনি যেহুতু সড়কপথে কেশপুরে যাচ্ছেন, তাই একটু দেরি হতে পারে বলে খবর। এদিকে, পরবর্তীকালে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার পর হেলিকপ্টারটিও কোলাঘাট থেকে পুনরায় কলকাতার দিকে ফিরে গিয়েছে।
উল্লেখ্য, কেশপুরে শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ স্মরণসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাঝপথে এই আবহাওয়াজনিত বিভ্রাট ঘটলেও তাঁর সূচিপত্রে কোনও পরিবর্তন করা হয়নি। কেশপুরের অনুষ্ঠান শেষে মঙ্গলবারই তাঁর বাঁকুড়া যাওয়ারও কর্মসূচি নির্ধারিত রয়েছে। সেখানে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আওতাধীন সাতটি জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসবেন তিনি।

