উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের (Cellphone Dependancy) ফল যে কতটা মারাত্মক হতে পারে, তার প্রমাণ মিলল দক্ষিণী অভিনেত্রী শাকিলার (Shakila) সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে। একটানা ভুল ভঙ্গিমায় শুয়ে ফোন ঘাঁটা, গেম খেলা এবং রিলস দেখার অভ্যাস তাঁর ঘাড়ে এমন মারাত্মক সমস্যার সৃষ্টি করে যে শেষ পর্যন্ত ৩ লক্ষ টাকা খরচ করে অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে এসে এই ভয়ংকর অভিজ্ঞতার কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
ভ্লগে শাকিলা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিছানায় একদিকে কাত হয়ে টানা চার ঘণ্টা ধরে ফোনে গেম খেলতেন। মাঝে কেবল চা বা কফি খাওয়ার জন্য উঠতেন, আর তা শেষ করেই ফের সেই একই খেলায় মগ্ন হতেন। এরপর ঘণ্টার পর ঘণ্টা ভিডিও ও সোশ্যাল মিডিয়ার রিলস দেখার অভ্যাস তাঁর ঘাড়ের প্রধান রক্তনালী ও স্নায়ুর মারাত্মক ক্ষতি করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে চেন্নাইয়ের মেটওয়ে হাসপাতালে তাঁর অস্ত্রোপচার (surgical procedure) করতে হয়। এমনকি ঘাড়ের তীব্র ব্যথার কারণে অস্ত্রোপচারের পর তাঁর ঘাড়ে একটি টাইটানিয়ামের স্ক্রুও বসাতে হয়েছে বলে জানান তিনি।
অস্ত্রোপচারের পরবর্তী কঠিন দিনগুলির কথা বলতে গিয়ে শাকিলা জানান, বিছানা থেকে ওঠা বা খাবার খাওয়ার জন্যও তাঁর অন্যের সাহায্যের প্রয়োজন হচ্ছিল। বর্তমানে তিনি চেন্নাইয়ের হাসাপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরে নেক কলার পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।
নিজের এই ভুল থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে অভিনেত্রী বলেন, “ফোন অত্যন্ত প্রয়োজনীয় একটি বস্তু, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত তা ব্যবহার করবেন না। অপ্রয়োজনীয় ভিডিও দেখা থেকে বিরত থাকুন, এমনকি আমার ভিডিওগুলোও দরকার না হলে দেখবেন না। অন্যথায় অসহ্য শারীরিক যন্ত্রণা সহ্য করার পাশাপাশি আপনাদেরও ৩ লক্ষ টাকা খরচ করতে হবে।”

