Cattle Smuggling | পাচারের কৌশলে বদল, যাত্রীবাহী গাড়িতে গোরু পাচারের ছক ভেস্তে দিল পুলিশ

Cattle Smuggling | পাচারের কৌশলে বদল, যাত্রীবাহী গাড়িতে গোরু পাচারের ছক ভেস্তে দিল পুলিশ

ব্লগ/BLOG
Spread the love


ফালাকাটাঃ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গোরু পাচার রোধে কড়া পদক্ষেপের বার্তা দিলেও, আলিপুরদুয়ার ও ফালাকাটা এলাকা দিয়ে পাচারের ঘটনা যেন থামছে না (Cattle Smuggling)। শুক্রবার মাঝরাতে ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কের শিলতোর্ষা সেতুর পূর্ব প্রান্তে গোরু বোঝাই একটি ছোট যাত্রীবাহী গাড়ি আটক করল সোনাপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের দাবি, যাত্রীবাহী গাড়ির আড়ালে এভাবেই এখন উত্তর-পূর্ব ভারতে গোরু পাচারের ছক কষছে পাচারকারীরা।

গোরু পাচারের এই অভিনব পদ্ধতি পুলিশকেও ভাবিয়ে তুলেছে। সাধারণত মালবাহী ট্রাকে গোরু পাচার করা হলেও, এখন ছোট ছোট যাত্রীবাহী গাড়ি ব্যবহার করা হচ্ছে যাতে রাতের অন্ধকারে সাধারণ গাড়ি হিসেবে ভ্রম হয়। কিন্তু পুলিশের নাকা চেকিংয়ে সেই কৌশল আর কাজে এল না। শুক্রবার রাতে ফালাকাটার দিক থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল গাড়িটি। সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটিকে আটক করলে গাড়ির চালক তড়িঘড়ি অন্ধকারকে সুযোগ করে পালিয়ে যায়।

গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে চারটি বাছুর। গাড়িটির নম্বর প্লেট অসমের হওয়ায় পুলিশ নিশ্চিত যে, পাচারকারীরা এই গোরুগুলোকে উত্তর-পূর্ব ভারতেই পাঠানোর পরিকল্পনা করেছিল। গাড়িটিকে বাজেয়াপ্ত করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে সোনাপুর ফাঁড়ির পুলিশ।

একসময় সোনাপুর ছিল গোরু ও মোষ পাচারের প্রধান ট্রানজিট পয়েন্ট। রাজনৈতিক পালাবদলের পরও সোনাপুরকে ভায়া করে পাচার চক্র সক্রিয় থাকা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। পুলিশের সক্রিয়তায় শুক্রবারের পাচারচক্র ভেস্তে গেলেও, এই রুট দিয়ে অবাধে পাচার অব্যাহত থাকায় প্রশ্ন উঠছেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং পলাতক চালকের খোঁজ চালাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *