বক্সীরহাট: অসমে পাচারের ঠিক আগে এক অভিনব কায়দায় পশুপাচার রুখল পুলিশ। অসম-বাংলা সীমানা ভাঙা পাকড়ি এলাকায় একটি কনটেনার গাড়ি থেকে প্রায় ৩৫টি মহিষ উদ্ধার করা হয়েছে (Buffalo Smuggling)। এই ঘটনায় গাড়িটির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বক্সিরহাট থানার অন্তর্গত জোড়াই ফাঁড়ির পুলিশ অসম-বাংলা সীমানার ভাঙা পাকড়ি এলাকায় নিয়মিত নাকা চেকিং চালাচ্ছিল। সেই সময় উত্তরপ্রদেশ নম্বরের একটি সন্দেহজনক কনটেনারটিকে থামায় পুলিশ। গাড়িটি বাইরে থেকে সম্পূর্ণ বন্ধ থাকায় বোঝার কোনো উপায়ই ছিল না যে ভেতরে গবাদিপশু রয়েছে। কিন্তু সন্দেহ হওয়ায় পুলিশ কন্টেনারটি তল্লাশি করতেই ভেতর থেকে উদ্ধার হয় মোট ৩৫টি মহিষ।
গাড়ির চালক মহিষ পরিবহণের কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত চালকের নাম কাদের আলী। তিনি অসমের ধুবড়ি জেলার গৌরীপুরের বাসিন্দা।
পুলিশের প্রাথমিক অনুমান, বিহার থেকে মহিষগুলি লোড করে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গবাদিপশু পাচারের এই ছক বানচাল করার পর রবিবারই ধৃত চালককে তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ।

