উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতিতে সমাপতন আর হিসেবনিকেশের পারদ সবসময় এক গতিতে চলে না। ২০২০ সালের বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপি (BJP) যখন বাংলার রাজনীতিতে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া, ঠিক সেই সময় দিল্লির কেন্দ্রীয় পদাধিকারী তালিকায় পশ্চিমবঙ্গ থেকে একসঙ্গে দু’জন ঠাঁই পেয়ে ইতিহাস গড়েছিলেন। রাজনৈতিক মহলের ধারণা ছিল, সেই ফর্মুলা হয়তো দীর্ঘস্থায়ী হবে। কিন্তু এক বছর বাদে ২০২১-এর বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর সেই সমীকরণে ছেদ পড়ে। দীর্ঘ তিন বছর কেন্দ্রীয় পদাধিকারীর ডায়েরিতে শূন্য হয়েই ছিল বাংলার নাম। তবে ইতিহাসের নিয়মেই ঘুরল সময়ের চাকা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ রাজ্যে বিজেপির ক্রমবিকাশ ও শক্তির নিরিখে দলের সর্বভারতীয় নেতৃত্বে বাংলার গুরুত্ব যে ফের ঊর্ধ্বমুখী হবে, তা এক প্রকার নিশ্চিত ছিল। অবশেষ হলোও তাই—ফিরে এল ২০২০-র সেই ক্ষণ। ঠিক ছ’বছর বাদে পশ্চিমবঙ্গের দুই লড়াকু মুখ একসঙ্গে জায়গা করে নিলেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় পদাধিকারী তালিকায়।
এবারের এই নতুন রদবদলে সর্বভারতীয় সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন মধুছন্দা কর (Madhuchanda Kar) এবং কেন্দ্রীয় সম্পাদকের গুরুদায়িত্ব পেয়েছেন মনোজ টিগ্গা (Manoj Tigga)। পাশাপাশি, বাংলার বিধানসভা নির্বাচনে বিশেষ দায়িত্ব সামলানো ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পেয়েছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, উত্তরবঙ্গ থেকে শুরু করে শহুরে মধ্যবিত্ত সমাজ—উভয় ক্ষেত্রকেই সমান গুরুত্ব দিতেই এই ভারসাম্যপূর্ণ কৌশল নিয়েছে গেরুয়া শিবির।
মধুছন্দার রাজনৈতিক যাত্রাপথ এক অন্য লড়াইয়ের গল্প। রাজ্য বিজেপির অন্দরে সভাপতি বদলের জেরে যখন নানা অভ্যন্তরীণ পরিবর্তন এসেছে, তখন তাঁর অভিজ্ঞতা ও নিষ্ঠাকে স্বীকৃতি দিয়ে সোজা কেন্দ্রীয় সহ-সভাপতির আসনে বসানো হলো। অন্যদিকে, ডুয়ার্সের মাদারিহাটের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা পোড় খাওয়া সংসদীয় রাজনীতিক মনোজ টিগ্গা ছাত্রজীবন ও স্থানীয় স্তর পেরিয়ে আজ লোকসভার সাংসদ। আলিপুরদুয়ার থেকে শুরু করে রাজ্য স্তরের বিভিন্ন দায়িত্ব সফলভাবে সামলানোর পর এবার তাঁর কাঁধে অর্পিত হলো কেন্দ্রীয় সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব। ছ’বছর আগের পুনরাবৃত্তিতে বাংলার এই জোড়া প্রতিনিধিত্ব নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি করে কি না, সেটাই এখন দেখার।

