উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিজেপির প্রথম ‘ডবল ইঞ্জিন’ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন উত্তর দিনাজপুরের (Uttra Dinajpur) করণদিঘির তরুণ বিধায়ক বিরাজ বিশ্বাস (Biraj Biswas)। মাত্র ৩২ বছর বয়সে রাজ্যের কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে শপথ নিয়ে নজির গড়লেন তিনি। সোমবার লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের নতুন ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। রাজ্যপাল আরএন রবি (RN Rabi) তাঁদের শপথবাক্য পাঠ করান।
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বিরাজ বিশ্বাসের রাজনৈতিক যাত্রা অত্যন্ত ঘটনাবহুল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি তাঁর। পরবর্তীকালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে (ABVP) যোগ দিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক এবং পরবর্তীতে সর্বভারতীয় সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে তখনই। তবে বিরাজের পরিচিতি সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে দাড়িভিট আন্দোলনের সময়। শাসকবিরোধী সেই আন্দোলনের অন্যতম মুখ হয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে গিয়ে তাঁকে কারাবরণও করতে হয়েছিল।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে করণদিঘি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়ে তিনি বাজিমাত করেন। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী গৌতম পালকে প্রায় ২০ হাজার ভোটে পরাজিত করে তিনি বিধায়ক নির্বাচিত হন। এই জয় শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, উত্তরবঙ্গে বিজেপির ক্রমবর্ধমান সাংগঠনিক শক্তিরও প্রতিফলন।
নতুন মন্ত্রীর শপথের খবর পৌঁছাতেই করণদিঘি এলাকায় খুশির জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দাদের আশা, তরুণ এই নেতা মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ায় এলাকার দীর্ঘদিনের পরিকাঠামোগত ও প্রশাসনিক দাবিগুলি দ্রুত বাস্তবায়িত হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরাজ বিশ্বাসকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে বিজেপি তরুণ নেতৃত্বকে উৎসাহিত করার পাশাপাশি উত্তরবঙ্গের রাজনীতিতে এক বড় বার্তা দিল। ছাত্র রাজনীতি, আন্দোলন এবং নির্বাচনী সাফল্যের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিরাজ বিশ্বাস এখন রাজ্যের প্রশাসনিক দায়িত্বের এক গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁর এই নতুন যাত্রা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
