আসানসোল: নারী সশক্তিকরণ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে ১ জুন, সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা (Free Bus Service) পরিষেবার সূচনা হলো। এই উপলক্ষে আসানসোল বাস স্ট্যান্ডে (Asansol Bus Stand) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বারাবনির বিধায়ক অরিজিৎ রায় এবং পশ্চিম বর্ধমানের জেলাশাসক (ডিএম) এস পোন্নাবলম-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
অনুষ্ঠানে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় (MLA Krishnendu Mukherjee) বলেন, “রাজ্য সরকার মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজ থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার এই পরিষেবা চালু হলো, যা নারী সশক্তিকরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।”
তিনি আরও জানান, বর্তমানে নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়েই মহিলারা এই সুবিধার আওতায় আসতে পারছেন। তবে ভবিষ্যতে যাতায়াত আরও সহজতর করতে একটি বিশেষ কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে প্রশাসনের। বিজেপি বিধায়কের মতে, এই প্রকল্প কেবল যাতায়াতের সুবিধাই নয়, মহিলাদের দৈনন্দিন জীবনে আর্থিক সাশ্রয় ও স্বনির্ভরতার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করবে। সরকারি এই উদ্যোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা যাচ্ছে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নারী কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নের লক্ষ্য সামনে রেখে আগামী দিনেও সরকার এই ধরনের একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
