বীজপুর: উত্তর হাওড়ার আকাশ সিংয়ের পর এবার বীজপুর (Bijpur)। পুরনো আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেপ্তার তৃণমূল যুব নেতা বনিকে (Boni) স্যান্ডো গেঞ্জি ও বারমুডা পরিয়ে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল বীজপুর থানার পুলিশ (Police)। বৃহস্পতিবার বীজপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এবং কাঁচরাপাড়া এলাকায় তাকে নিয়ে ঘোরানো হয়। এই সময়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ তাকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দারমণি থেকে বনিকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তের প্রয়োজনে পুলিশ তাকে বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছে। বনির অবশ্য দাবি, “যারা চুরি করেছে তারা পালিয়ে গিয়েছে, আমি চুরি করিনি।”
স্থানীয় সূত্রে খবর, একসময় রেলপুলিশের কোয়ার্টার ছিল বনির নিয়ন্ত্রণে, যেখানে অসামাজিক কাজকর্ম চলত বলে অভিযোগ। ২০২৪ সালের লোকসভা ভোটের সময় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সঙ্গে বচসার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এলাকায় তার রাজনৈতিক সক্রিয়তা ও প্রভাব বাড়তে থাকে। রাজনৈতিক মহলের দাবি, তৎকালীন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ মহলের সঙ্গে যোগাযোগ রেখে সে এলাকায় দাপিয়ে বেড়াত। তবে পরবর্তী সময়ে কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর শিবিরের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।
উল্লেখ্য, রাজ্যের সরকার পরিবর্তনের পর থেকেই অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর থেকেই কুখ্যাত দুষ্কৃতীদের এই ধরনের ধরপাকড় ও এলাকা প্রদর্শনের ছবি বারংবার উঠে আসছে, যা এলাকায় নতুন করে রাজনৈতিক চর্চাও শুরু করেছে।
