উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) শত শতাংশ মুগ ডাল সরকারিভাবে ক্রয়ের দাবি, সার বিতরণ ব্যবস্থার উন্নতি এবং ই-টোকেন ব্যবস্থার জটিলতা নিরসনের দাবিতে উত্তাল হয়ে উঠল মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। বুধবার নর্মদাপুরমে আন্দোলনরত কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা বাসের ওপর চড়ে প্রতিবাদ জানান। রাজ্যজুড়ে কৃষকদের এই আন্দোলন (Bhopal Farmer’s protest) ও বিক্ষোভের জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এমএসপি-তে মুগ ডাল কেনা সহ বিভিন্ন দাবিতে গত মঙ্গলবার থেকেই ভোপালে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন হাজার হাজার কৃষক। রাতভর চলা এই আন্দোলনের জেরে ব্যস্ত নর্মদাপুরম মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। সোমবার গভীর রাতে সিহোরের বুধনি হয়ে মঙ্গলবার সকালে ভোপালে পৌঁছান কৃষকরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে কৃষকদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনার টেবিলে বসেছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মোহন যাদব (CM Mohan Yadav) জানিয়েছেন, সমস্যা সমাধানে মন্ত্রীদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কৃষিমন্ত্রী আইদল সিং কানসানা, মন্ত্রী কৃষ্ণ গৌড়, বিশ্বাস সারাং এবং রাকেশ সিং সহ উচ্চপদস্থ আধিকারিকরা কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন। সরকারের দাবি, আলোচনার মাধ্যমেই এই সংকটের দ্রুত সমাধান সূত্র খুঁজে বের করা হবে।
কৃষকদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে ১০০ শতাংশ মুগ ডালের সরকারি সংগ্রহ, ই-টোকেন ব্যবস্থার ত্রুটি দূর করা এবং সময়মতো পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা। মঙ্গলবারের প্রথম দফার আলোচনা কোনো ফলপ্রসূ সিদ্ধান্তে না পৌঁছালেও, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কৃষকদের সমস্ত ন্যায্য দাবি নিয়ে প্রশাসন অত্যন্ত সংবেদনশীল।
এদিকে বিক্ষোভের জেরে নর্মদাপুরম রোডের দীর্ঘ যানজট এড়াতে সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। কৃষকদের বড় একটি অংশ এখনও রাজপথে অনড় থাকায় পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছে প্রশাসন। আগামীদিনে আলোচনার মাধ্যমে জট কাটে কি না, এখন সেটাই দেখার বিষয়।

