Better Cooch Behar | রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করার ঘোষণাকে স্বাগত, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বংশীবদন বর্মন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কোচবিহার: রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলভুক্ত ভাষার মর্যাদা দেওয়ার কেন্দ্র সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন ‘দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’-এর (Better Cooch Behar)সাধারণ সম্পাদক তথা গ্রেটার সুপ্রিম বংশীবদন বর্মন। রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে সংগঠনের উদ্যোগে আয়োজিত শহিদ দিবসের এক বিশাল জনসভায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি।

এদিনের এই জনসভায় সংগঠনের সভাপতি রাজীব রায়, সাধারণ সম্পাদক বংশীবদন বর্মন এবং আহ্বায়ক তথা বিধায়ক গিরিজাশঙ্কর রায় ছাড়াও বিভিন্ন জেলার শীর্ষ নেতৃত্ব এবং হাজার হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। সভার মঞ্চ থেকে রাজবংশী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি—ভারতভুক্তি চুক্তি কার্যকর করা-সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি ফের জোরালোভাবে তুলে ধরেন সংগঠনের নেতারা।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বংশীবদন বর্মন জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানানো হয়েছিল এবং সেই সময় এ বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতিও মিলেছিল। তাঁর দাবি, সেই প্রতিশ্রুতির ওপর ভরসা রেখেই দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বিজেপিকে সমর্থন জুগিয়েছিল।

তিনি আরও বলেন, রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করার এই ঘোষণা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের খবর। খুব শীঘ্রই এই ঘোষণা সম্পূর্ণভাবে কার্যকর করা হবে বলেও তিনি আশাবাদী। একই সঙ্গে, রাজবংশী সম্প্রদায়ের দীর্ঘদিনের অন্যান্য দাবিগুলির মধ্যে অন্যতম ‘ভারতভুক্তি চুক্তি’ দ্রুত কার্যকর করার জন্যও সরকারের কাছে জোরদার আবেদন জানিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *