বহরমপুর: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে চূড়ান্ত স্বজনপোষণ এবং দুর্নীতির (Corruption) অভিযোগ। আবাস যোজনার ঘর আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার করা হল মুর্শিদাবাদের বহরমপুর (Berhampore) এলাকার এক দাপুটে তৃণমূল (TMC) পঞ্চায়েত সদস্যকে। ধৃতের নাম জালাল উদ্দিন শেখ। তাঁর এই গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক মহলে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েত সদস্য থাকাকালীন জালাল উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে পূর্বতন সরকারের ‘বাংলা আবাস যোজনা’র তালিকায় নিজের পরিবারের ৬ জন সদস্যের নাম নথিভুক্ত করান। অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে ওই ৬ সদস্যের নামে বরাদ্দ হওয়া সরকারি অর্থের বিপুল অংশ আত্মসাৎ করেছেন ওই নেতা। ঘটনার তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রমাণ জোগাড়ের পর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর জালাল উদ্দিন শেখ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “আমার বয়স্ক মা, স্ত্রী, বোন সহ বাকিরা ওই ঘরগুলি পেয়েছিল। সার্ভে হয় ২০১৮ সালে, তখন থেকেই ওদের নাম ছিল। ঘর সরকার দিয়েছে, আমার নামে কোনও ঘর নেই। আমাকে কী কারণে গ্রেপ্তার করল, সেটা আমি বুঝতে পারছি না।”
তৃণমূল নেতার এই সাফাই ধোপে টেকেনি। আজ তাঁকে বহরমপুর আদালতে হাজির করা হলে, বিচারক ধৃতের জামিনের আবেদন খারিজ করে দেন এবং তাকে পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।

