উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়িতে অতিভারী বর্ষণের পূর্বাভাস। লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। অতিভারী বর্ষণের আশঙ্কায় আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি – এই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। টানা বর্ষণের জেরে পাহাড়ে ধস কিংবা নীচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ দুর্যোগ অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টিই নয়, সঙ্গে থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত। মঙ্গলবার বেলা গড়াতেই কলকাতা ও তার সংলগ্ন এলাকাগুলিতে ফের মুষলধারে বৃষ্টি নামতে পারে। সোমবারের বৃষ্টিতেই শহরের বহু নিচু এলাকায় জল জমে গিয়েছিল। মঙ্গলবারের বর্ষণে শহরের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

