উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর ঘটনা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। অতীতে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এবার বারুইপুর এনকাউন্টারের ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন ‘অভয়া’-র মা তথা পানিহাটির বর্তমান বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।
তাঁর কথায়, “এখানে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিগত সরকারের আমলে আমরা এখনও বিচার পাইনি।” একই সঙ্গে আরজি কর কাণ্ডেও এবার তাঁরা প্রকৃত বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বিগত তৃণমূল সরকারের আমলে আরজি কর কাণ্ডের পর সঠিক বিচার মেলেনি এবং তৎকালীন সরকার ও পুলিশ তথ্য গোপন করার চেষ্টা করেছিল বলে বারবার অভিযোগ তুলেছিলেন মৃত চিকিৎসকের বাবা-মা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বর্তমান পরিস্থিতি নিয়ে রত্না দেবনাথ বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।”
তিনি আরও যোগ করেন, “আমি মনে করি, পুলিশ ভালো করেছে। একজন ধর্ষক শেষ হয়েছে। এভাবে যদি কঠোর পদক্ষেপ করা হয়, তাহলে হয়তো আগামী দিনে বাচ্চা মেয়েদের বাঁচানো যাবে।”
বারুইপুরে এক অভিযুক্ত এনকাউন্টারের মারা গিয়েছে। গতকাল রাতে ঘটনার পুর্ণনির্মাণের জন্য অভিযুক্তকে নিয়ে যাচ্ছিল পুলিশ। অভিযোগ, সেসময় পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালাতে গিয়েছিল ওই যুবক। সেই প্রেক্ষিতে এনকাউন্টার করে পুলিশ।

