উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫৪তম জন্মদিনে ভক্তদের জন্য বড় চমক। কিংবদন্তি এই ক্রিকেটারের বায়োপিক ‘দাদা’-র ফার্স্ট লুক (First look) প্রকাশ্যে এল (Sourav Ganguly Biopic)। আর তাতে সৌরভের ভূমিকায় রাজকুমার রাওয়ের (Rajkummar Rao) আবির্ভাব দেখে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট ও চলচ্চিত্র মহলে।
প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, লর্ডসের (Lord’s) ব্যালকনিতে দাঁড়িয়ে রাজকুমার রাও নিজের জার্সি বাতাসে ঘোরাচ্ছেন। এটি ২০০২ সালের সেই ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালের স্মৃতি উসকে দেয়, যেখানে ইংল্যান্ডকে হারিয়ে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল। সেই জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি ঘোরানোর সেই মুহূর্তটি ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকনিক দৃশ্য হয়ে রয়েছে। ফার্স্ট লুক শেয়ার করে রাজকুমার লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমাদের প্রিয় দাদা।’ পালটা প্রতিক্রিয়ায় সৌরভও নতুন এই অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সেরা উপহার! তোমার কভার ড্রাইভ দেখার জন্য আর তর সইছে না।’
লভ ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও এই বায়োপিকের জন্য যথেষ্ট উৎসাহী। গত বছর জুলাই মাসে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছিলেন, রাজকুমারই এই চরিত্রের জন্য উপযুক্ত পছন্দ।
উল্লেখ্য, ২০০২ সালের সেই ফাইনালের প্রেক্ষাপট ছিল নাটকীয়। ৩২৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারত যখন ধুঁকছিল, তখন মোহাম্মদ কাইফ ও যুবরাজ সিংয়ের অনবদ্য ব্যাটিং পরিস্থিতি বদলে দেয়। শেষ ওভারে সেই রুদ্ধশ্বাস জয়ের পর সৌরভের আবেগঘন সেই উদযাপন ছিল দেখার মতো। এবার মাঠে দাদার সেই আগ্রাসন এবং মাঠের বাইরের ব্যক্তিত্বকে রাজকুমার রাও কতটা নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তোলেন, এখন সেটাই দেখার অপেক্ষায় দেশ।

