বালুরঘাট: চিকিৎসার জন্য ভারত এসে ট্রেনের মধ্যেই মর্মান্তিক মৃত্যু হল এক বাংলাদেশি নাগরিকের (Bangladeshi Citizen Dies)। মৃত মাজেদুল মোহাম্মদ আলমের বাড়ি বাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকায়। গত সপ্তাহে বৈধ ভিসায় হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কলকাতায় হৃদরোগের চিকিৎসা করাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর এক সহযাত্রী।
শনিবার সকালে শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস ট্রেনটি বালুরঘাট স্টেশনে (Balurghat) পৌঁছানোর পর মাজেদুলবাবুর সাড়া না মেলায় তাঁর সঙ্গীর সন্দেহ হয়। এরপর রেলকর্মীদের খবর দেওয়া হলে, আরপিএফ ও জিআরপি তাঁকে উদ্ধার করে দ্রুত বালুরঘাট জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছে। সমস্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মিটিয়ে দ্রুত তাঁর মরদেহ পরিবারের কাছে বাংলাদেশে ফিরিয়ে পাঠানোর প্রশাসনিক উদ্যোগ শুরু হয়েছে।

