উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওসমান হাদির মৃত্যুর পর থেকে অস্থির অবস্থা শুরু হয়েছে বাংলাদেশে (Bangladesh)। এমন অবস্থায় সিলেটে ভারতীয় উপদূতাবাস এবং ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
সেদেশের এক সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে, কোনও তৃতীয় পক্ষ যাতে ওই অশান্তি পরিস্থিতির সুযোগ নিয়ে অশান্তি ছড়াতে না পারে, তার জন্য ওই অঞ্চলে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশে বিভিন্ন এলাকায় ভারতের উপদূতাবাস ঘেরাও করার হুমকি দেয় গণ অধিকার পরিষদ। চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবন লক্ষ্য করে পাথরও ছোড়ে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের মুখে ভারতবিরোধী স্লোগান শোনা যায়। কেউ যাতে কোনও প্ররোচনামূলক কাজে পা না দেন তার জন্য ওই সমস্ত অঞ্চলের নিরাপত্তা (security) জোরদার করা হয়েছে। সতর্ক রয়েছে বাংলাদেশের নিরাপত্তাবাহিনীও।
বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির (Hadi) মৃত্যুসংবাদ বাংলাদেশে পৌঁছোনো মাত্র বাংলাদেশের নানা প্রান্তে উত্তেজনা ছড়ায়। বিভিন্ন সরকারি ভবন, সাংস্কৃতিক কেন্দ্র, আওয়ামী লীগের কার্যালয়, সংবাদমাধ্যমের অফিস ভাঙচুর করে ও তাতে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। এমনকী ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িও ভাঙচুর করা হয়।
শনিবার দুপুরে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কাজী নজরুল ইসলামের পাশে সমাধিস্থ করা হয়েছে হাদিকে।
এদিকে হাদির খুনিদের গ্রেপ্তার চেয়ে শনিবার ইউনূস সরকারকে (Yunus Authorities) ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। আর তা হলে স্বরাষ্ট্র ও সহকারী উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়েছে।
