উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকার বহুল আলোচিত জেফ্রি এপস্টাইন (Jeffrey Epstein) কাণ্ড নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে (Epstein Information)। মার্কিন বিচার বিভাগের (US Justice Division) ওয়েবসাইট থেকে হঠাৎ করেই অন্তত ১৬টি গুরুত্বপূর্ণ ফাইল উধাও হয়ে গিয়েছে। ফাইলগুলি ওয়েবসাইটে প্রকাশের একদিনেরও কম সময়ের মধ্যে সরিয়ে ফেলা হয়েছে। যদিও এনিয়ে সরকারিভাবে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। এমনকি কোনও নোটিশও দেওয়া হয়নি জনসাধারণকে।
উধাও হওয়া ফাইলগুলির মধ্যে একটি ছবিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প, জেফ্রি এপস্টাইন এবং এপস্টাইনের ঘনিষ্ঠ সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েলকে একসঙ্গে দেখা গিয়েছে। শুক্রবার পর্যন্ত ফাইলগুলি ওয়েবসাইটে থাকলেও শনিবার থেকে সেগুলিকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। সেগুলিকে ইচ্ছাকৃতভাবে নাকি প্রশাসনিক কারণে সরানো হয়েছে, তা নিয়ে এখনও নীরব মার্কিন বিচার বিভাগ। এদিকে, ফাইলগুলি গায়েব হওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। কেন তথ্যগুলি জনগণের থেকে আড়াল করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
এপস্টাইন সংক্রান্ত হাজার হাজার নথি এর আগে প্রকাশ করেছিল মার্কিন বিচার বিভাগ। সেখানে উঠে এসেছে একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের নাম। বেশ কয়েক জায়গায় উল্লেখ ছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এমনকি ট্রাম্পের নামও। তবে ট্রাম্প বারবার দাবি করে এসেছেন, এপস্টাইনের সঙ্গে অতীতে বন্ধুত্ব থাকলেও তাঁর যৌন অপরাধের সঙ্গে কোনও যোগ ছিল না তাঁর। তবে যে নথিগুলির জন্য সবচেয়ে বেশি অপেক্ষা ছিল, তার অনেকগুলিই এবার প্রকাশ করা হয়নি বলে অভিযোগ। যদিও নথিগুলি প্রকাশের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। বিচার বিভাগের তরফে জানানো হয়েছিল, ধাপে ধাপে নথিগুলি প্রকাশ করা হবে। মূলত নির্যাতিতাদের পরিচয় গোপন রাখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল। কিন্তু বাকি নথিগুলি কবে সামনে আসবে, তা নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। গত শুক্রবার সরকারিভাবে এপস্টাইন সংক্রান্ত ৩৯৬৫টি ফাইল প্রকাশ করা হয়। পরের দফায় আরও কিছু ফাইল প্রকাশ করা হবে বলে জানানো হয়। কিন্তু তার আগেই সরিয়ে নেওয়া হয়েছে ১৬টি ফাইল। এই পরিস্থিতিতে নিখোঁজ ফাইল, গুরুত্বপূর্ণ তথ্যের অভাব এবং সরকারি নীরবতা জেফ্রি এপস্টাইন কাণ্ডে নতুন করে ক্ষোভ তৈরি করেছে। স্বচ্ছতা ও পূর্ণ জবাবদিহির যে আশা নিয়ে এই নথিগুলি প্রকাশ শুরু হয়েছিল, তা এখনও অপূর্ণই রয়ে গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
