উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের (Bangladesh) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুতে উত্তাল ঢাকা। গত শুক্রবার গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। এরপর থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত প্রায় দশটা নাগাদ তাঁর মৃত্যুর খবর আসে।
তাঁর মৃত্যু খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্র হয়ে ওঠে ঢাকার রাজপথ। সেদেশের একাধিক প্রথম সারির সংবাদপত্রের অফিসে আগুন লাগানো হয়। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর ভিতরে আটকে পড়া সাংবাদিকদের ক্রেন দিয়ে উদ্ধার করা হয়। এরপর সাংবাদিকরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন।
বিক্ষোভ চলে চট্টগ্রাম এবং খুলনাতেও। রাজশাহীতে আওয়ামি লিগের একটি পার্টি অফিসেও আগুন লাগানো হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। খুলনায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে উত্তেজিত জনতা।ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। সেদেশের সংবাবাদমাধ্যম গুলির খবর অনুযায়ী শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে ভাঙচুর চালানো হয়। এছাড়াও বিক্ষোভকারীরা ভারত বিরোধী স্লোগান দিতে দিতে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও করার ডাক দেন। আবার চট্টগ্রামে ভারতীয় উপদূতাবাস লক্ষ্য করে ঢিল-পাটকেল ছোড়়ার অভিযোগও উঠেছে। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামানো হয় পুলিশ ও সেনা।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় শনিবার ঢাকায় উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন ইউনূস। এদিকে ওসমান হাদির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ওসমান হাদিকে ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অমর সৈনিক’ বলে অভিহিত করেন ইউনুস। পাশাপাশি দেশবাসীকে তিনি সংযত থাকার আবেদন জানিয়েছেন। হাদির মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
