বালুরঘাট: বালুরঘাট পুরসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পেশ করলেন দলেরই একাংশ কাউন্সিলর। শুক্রবার সন্ধ্যায় আচমকা ১৪ জন কাউন্সিলারের সইযুক্ত অনাস্থাপত্র জমা পড়েছে বালুরঘাট মহকুমা শাসকের দপ্তরে। আর এই খবর প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে উঠেছে বালুরঘাটের রাজনীতি।
রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভায় বদলের নির্দেশ জারি থাকলেও দক্ষিণ দিনাজপুরের কোনও পুরসভায় তা কার্যকর হয়নি। তবে আচমকা গতকাল কলকাতায় ডেকে পাঠানো হয়েছিল বালুরঘাটের কয়েকজন কাউন্সিলারকে। তারা ফিরে আসার পরই অনাস্থাপত্র জমা পড়ে।
জানা গেছে, রাজ্যের নির্দেশে এই অনাস্থাপত্র জমা পড়েছে বলে মনে করা হচ্ছে। তবে জেলা স্তরে এই বিষয়ে এখনও কোনও তথ্য নেই, জানিয়েছেন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল।
মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন অনাস্থাপত্র প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন এবং জানিয়েছেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
