উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৩০ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি২০ সিরিজ জয় করল ভারত। শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে তাণ্ডব চালায় টিম ইন্ডিয়া। হার্দিকের বিধ্বংসী ব্যাটিংয়ের জেরে শেষ টি-টোয়েন্টিতে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে তুলল ২৩১ রান। হার্দিক এদিন মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি করেন। জবাবে ব্যাট করে ২০১ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৩০ রানে জয়ের পাশাপাশি সিরিজ জয় করলেন সূর্যরা। চারটি উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী। ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে সিরিজ জয় ভারতের। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বাতিল হয়েছে একটি ম্যাচ।
শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত। সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। শুভমান গিলের চোটের জন্য তাঁর কপাল খুলেছে। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের হাত ধরে ভারতের ব্যাটিংয়ের শুরুটা বেশ দাপটের সঙ্গেই হয়। অভিষেক ২১ বলে ৩৪ রান করে আউট হন। জর্জ লিন্ডের বলে বোল্ড হয়ে যান তিনি। ২২ বলে ৩৭ রান করে ফেরেন সঞ্জু স্যামসন। স্বপ্নের ফর্ম জারি তিলক বর্মারও। ৪২ বলে ৭৩ রান করেন তিনি। হার্দিক পাণ্ডিয়া হাফসেঞ্চুরি করেন ১৬ বলে। যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। আর তারপরই গ্যালারিতে উপস্থিত প্রেমিকা মাহিকা শর্মার উদ্দেশে উড়ন্ত চুমু হার্দিকের। ২৫ বলে ৬৩ রান করে শেষ ওভারে আউট হন হার্দিক।
শিবম দুবেও ৩ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। ৫ উইকেট হারিয়ে ২৩১ রান তোলে ভারত। ৫ রানে আউট হয়ে অফ ফর্মের ধারা বজায় রাখলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
জবাবে দক্ষিণ আফ্রিকাও কিন্তু শুরুটা ভালোই করেছিল। বরং কুইন্টন ডি’কক যেভাবে চার-ছক্কা হাঁকানো শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিল জয় শুধু সময়ের অপেক্ষা। অর্শদীপের এক ওভারে ডি’কক তুললেন ২৩ রান। প্রোটিয়াদের প্রথম ধাক্কা দেন বরুণ। ডি’ককের ৩৫ বলে ৬৫ রানের ইনিংস থামল বুমরাহর বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে। তারপর আর কেউ সেভাবে জয়ের স্বপ্ন দেখাতে পারেননি। আইডেন মার্করাম ডোনোভান ফেরেরাকে পরপর দুই বলে আউট করেন বরুণ। এদিন বরুণ ৫৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। বুমরাহর সংগ্রহে ২ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে ডেওয়াল্ড ব্রেভিসকে ফেরান হার্দিক পাণ্ডিয়াও। সব মিলিয়ে ৮ উইকেট হারিয়ে ২০১ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।
