পঙ্কজ মহন্ত, বালুরঘাট: রামনবমীর (Ram Navami) আর একদিন বাকি। তার আগেই রীতিমতো উৎসবের আমেজে সেজে উঠতে শুরু করেছে বালুরঘাট শহর। রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে শুক্রবার সকালে মহামিছিলের জন্য ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গিয়েছে। শহরের বিভিন্ন প্রান্তেও এখন সেই প্রস্তুতিরই চিত্র ধরা পড়ছে। এবার উত্তর চকভবানী এলাকায় রামনবমী উপলক্ষ্যে বজরঙ্গবলীপুজোর আয়োজন করেছে হিন্দু মোর্চা ও শিব মন্দির পুজো কমিটি। ফলে শহরের একাধিক এলাকায় উৎসবের আবহ আরও জোরদার হয়েছে।
এক দশক আগেও বালুরঘাটে (Balurghat) রামনবমী মানেই ছিল ঐতিহ্যবাহী রঘুনাথবাড়ির পুজো। তখন অবশ্য শহরজুড়ে তেমন উন্মাদনা চোখে পড়ত না। তবে গত কয়েক বছরে সেই ছবিটা আমূল বদলেছে। এখন রামনবমীকে ঘিরে শহরজুড়ে ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে। তার প্রভাব পড়েছে বাজারেও। বিশ্বাসপাড়া, তহবাজার, গীতাঞ্জলি, ডানলপ সহ বিভিন্ন এলাকার দোকানে রামনবমী উপলক্ষ্যে পতাকা, জামা ও গেঞ্জি ইতিমধ্যেই বিক্রি হওয়া শুরু হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের মতে, এই উৎসব তাঁদের জন্য নতুন করে উপার্জনের সুযোগ এনে দিয়েছে। বিশ্বাসপাড়ার ব্যবসায়ী সঞ্জয় দাসের কথায়, ‘আগে রামনবমীতে তেমন বিক্রি হত না। এখন ১০০-১৫০ টাকা থেকে শুরু করে ৩০০-৪০০ টাকার জামা, গেঞ্জির ভালো চাহিদা রয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে আগ্রহ বেশি।’ তহবাজারের আরেক ব্যবসায়ী অমিত সাহা জানালেন, গত কয়েক বছরে ব্যবসা অনেক বেড়েছে। এবারও পতাকা, টি-শার্ট সবই বিক্রি হওয়ার আশা করছেন। রামনবমী এখন বড় উৎসবের রূপ নিয়েছে শহরে।
শুধু ব্যবসা নয়, রামনবমীকে ঘিরে ভক্তদের মধ্যেও বাড়ছে উৎসাহ। শহরের বহু মানুষ জানিয়েছেন, রামনবমীর দিন সকালে রঘুনাথপুর এলাকায় গিয়ে আত্রেয়ী নদীতে স্নান করে রামের পুজোয় অংশ নেবেন তাঁরা। রঘুনাথবাড়ি মন্দিরে জোড়া ডাব উৎসর্গ করার প্রথাও রয়েছে, তা নিয়েও আগ্রহ বাড়ছে। শহরের বাসিন্দা দেবাশিস চক্রবর্তী বলেন, ‘প্রতিবছরই রামনবমীতে রঘুনাথপুরে যাই। আত্রেয়ীতে স্নান করে পুজো দেওয়ার আলাদা একটা অনুভূতি আছে। এবার নতুন পোশাক পরে যাব।’ আরেক ভক্ত মৌসুমি সরকার জানালেন, ছোটবেলায় এত বড় করে রামনবমী দেখেননি। এখন সবাই মিলে উদযাপন করছেন। রঘুনাথবাড়িতে ডাব দেওয়ার প্রথাটা খুবই সুন্দর। সবকিছুতেই নতুন উন্মাদনা লক্ষ করছেন তিনি।
চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও। শহরের বিভিন্ন ফলের দোকান ও রাস্তার ধারে ডাবের দাম ৫০-৬০ টাকা থেকে বেড়ে এখন ৭০-৮০ টাকায় পৌঁছেছে। রামনবমীকে ঘিরে বালুরঘাটে এখন উৎসবের রং গাঢ় হচ্ছে দিন-দিন। ব্যবসা থেকে ভক্তি, সব ক্ষেত্রেই তার স্পষ্ট প্রভাব পড়েছে শহরে।
