বালুরঘাট: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগে বালুরঘাটে (Balurghat) বড়সড় রাজনৈতিক চমক দিল বিজেপি। রবিবার বালুরঘাটের বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী বিদ্যুৎ কুমার রায় বিজেপিতে যোগদান করলেন। তবে এই যোগদান নিছকই শক্তিবৃদ্ধি না কি এর পিছনে রয়েছে বড় কোনও রণকৌশল, তা নিয়ে জেলা রাজনীতিতে এখন প্রবল গুঞ্জন।
রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন ছড়িয়েছে যে, এবার বালুরঘাট বিধানসভা আসন থেকে আইনজীবী বিদ্যুৎ কুমার রায়কেই টিকিট দিতে চলেছে বিজেপি। বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক হলেন প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। কিন্তু শোনা যাচ্ছে, এবার অশোকবাবুকে আর টিকিট দেওয়ার সম্ভাবনা কম। সেই শূন্যস্থানেই ভূমিপুত্র হিসেবে বিদ্যুৎ রায়ের ওপর ভরসা রাখতে পারে গেরুয়া শিবির।
এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন বিদ্যুৎ বাবু। ৫ রাজ্যে নির্বাচন ঘোষণার কয়েক ঘণ্টা আগেই এই যোগদান জেলায় বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে।
বিজেপিতে যোগ দিয়ে আইনজীবী বিদ্যুৎ কুমার রায় জানান, “রাজ্যের বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকারের অপশাসন থেকে মানুষকে মুক্ত করতেই আমি বিজেপির পতাকাতলে এলাম।”
অন্যদিকে, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, “বিদ্যুৎবাবু বালুরঘাটের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজসেবী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমূলক দিশায় অনুপ্রাণিত হয়ে এবং বাংলাকে মোদিজির হাতে তুলে দিতেই তিনি আজ আমাদের সঙ্গে যুক্ত হলেন।”
