বালুরঘাট: বালুরঘাট শহরে প্রকাশ্যে ট্রাকচালকদের কাছ থেকে তোলাবাজি চলছে। দীর্ঘদিন ধরে দিনদুপুরে তোলাবাজি চললেও পুলিশ নীরব। বালুরঘাট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এমনই অভিযোগ করছেন ট্রাকচালক, মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, পাঁচ বছর আগেই ওই সংগঠনের রেজিস্ট্রেশন বাতিল হয়েছিল। কিন্তু তার পরেও ওই সংগঠনের সদস্যরা রীতিমতো রসিদ ছাপিয়ে জোরপূর্বক তোলাবাজি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। গত বৃহস্পতিবার রাতেও ধানবোঝাই একটি লরি আটকে টাকা চাইতে দেখা গিয়েছিল তাঁদের। টাকা না দিলে তাঁরা গাড়ি আটক করে চালককে মারধর করেন বলে অভিযোগ। যার জেরে স্বভাবতই ক্ষুব্ধ ট্রাক মালিকরা। এই ঘটনা চলতে থাকলে আগামীতে রাস্তায় নেমে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ দিনাজপুর ক্ষুদ্র পাট ব্যবসায়ী সংগঠন।
হিলি মোড় সংলগ্ন এলাকায় রয়েছে ওই সংগঠনের অফিস। সেখান থেকেই তারা তোলাবাজির চক্র চালাচ্ছে। শীঘ্র প্রশাসনের তরফে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ট্রাক মালিকরা।
এবিষয়ে ক্ষুদ্র পাট ব্যবসায়ী সংগঠনের সভাপতি কমল ঘোষ বলেন, ‘ওই সংগঠনের লোকেরা দাদাগিরি করে ট্রাকচালকদের কাছ থেকে গড়ে ২৫০ থেকে ৪০০ টাকা করে নিচ্ছে। দিতে না চাইলে হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও আমরা এবিষয়ে মহকুমা শাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছিলাম। এবারও অভিযোগ করব। কিন্তু কোনও পদক্ষেপ না করা হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।’
শহরের এক ট্রাক মালিক গৌরব দেবনাথ বলেন, ‘চালকদের হুমকি দিয়ে তোলাবাজি চালাচ্ছে ওই সংগঠনের সদস্যরা। টাকা না দিলে গাড়ি আটকে রাখা হচ্ছে। দিনের আলোয় এই অবৈধ কাজ হয়ে চলেছে, অথচ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। গত বৃহস্পতিবারই এক ট্রাকচালককে মারধর করে টাকা হাতিয়েছে তারা।’
যদিও সংগঠনের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংগঠনের জয়েন্ট সেক্রেটারি অরিন্দম সাহা বলেন, ‘আমরা রেজোলিউশন করে টাকা নিচ্ছি। এমনটাই হয়ে থাকে। কোনও অবৈধ কাজ করা হচ্ছে না।’ সংগঠনের সহ সম্পাদক গৌতম বসাক বলেন, ‘এনিয়ে কিছুই জানি না।’
জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, ‘ট্রাক মালিকদের অভিযোগের কথা জানি। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
