Balurghat | ‘নিরাপত্তা ছাড়া কাজ নয়’, অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই নিয়ে অনড় অঙ্গনওয়াড়ি কর্মীরা!

Balurghat | ‘নিরাপত্তা ছাড়া কাজ নয়’, অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই নিয়ে অনড় অঙ্গনওয়াড়ি কর্মীরা!

ব্লগ/BLOG
Spread the love


বালুরঘাট: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তথ্য যাচাইয়ের দরুন প্রশাসনিক নিরাপত্তা না থাকলে কাজে নামবেন না! এমনই স্পষ্ট বার্তা দিয়ে প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি তুললেন বালুরঘাট (Balurghat) ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা।এদিন প্রশিক্ষণ কর্মসূচিতেই ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিডিওর কাছে স্মারকলিপিও জমা দেন তাঁরা।

বাংলার বিভিন্ন জেলায় অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই করতে গিয়ে সরকারি কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর হামলার ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। সেই প্রেক্ষিতেই সোমবার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন কর্মীরা। তাঁদের দাবি, উপভোক্তাদের তথ্য যাচাই করতে বাড়ি বাড়ি যেতে হবে। সেই সময় কোনও আবেদন বাতিল হলে বা কারও নাম তালিকায় না থাকলে ক্ষুব্ধ মানুষের রোষের মুখে পড়তে হতে পারে। তাই পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করে এই দায়িত্ব পালন করা সম্ভব নয়।

এদিন প্রশিক্ষণ শেষে গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান অঙ্গনওয়াড়ি কর্মীরা। পরে বিকেলে বালুরঘাটের বিডিওর কাছে লিখিতভাবে নিরাপত্তার দাবিতে স্মারকলিপি জমা দেন। তাঁদের সাফ বক্তব্য, প্রশাসন নিরাপত্তার বিষয়ে লিখিত আশ্বাস দিলে তবেই তাঁরা অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাইয়ের কাজে অংশ নেবেন।

প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনার প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে আবেদনকারীদের নথি ও তথ্য যাচাইয়ের দায়িত্ব অঙ্গনওয়াড়ি কর্মীদের উপরই দেওয়া হয়েছে। সেই কাজের প্রস্তুতি হিসেবে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতেও সেই প্রশিক্ষণ চলাকালীনই নিরাপত্তার দাবিতে সরব হন কর্মীরা।

অন্যদিকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের উদ্বেগকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) জেলাশাসক বালা সুব্রমানিয়ান টি-ও জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *