বালুরঘাট: লজের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল মধুচক্রের আসর (Intercourse racket)। ভাইফোঁটার দুপুরে স্থানীয়দের বিক্ষোভের জেরে মধুচক্রের আসরে হানা দিল পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য বালুরঘাট শহরে (Balurghat)।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই বেসরকারি লজ। এদিন সেখানেই হানা দেয় বালুরঘাট থানার পুলিশ (Balurghat Police Station)। অভিযানে এক যুগলকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। যদিও মহিলাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি রাস্তার ধারে লজের মধ্যে মধুচক্রের আসর চালানোর অভিযোগে লজের ম্যানেজার সহ মোট দু’জনকে আটক করা হয়েছে।
এদিকে ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ সংলগ্ন একটি বেসরকারি লজের এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যাওয়ার পরই উত্তেজিত জনতা লজে ভাঙচুর চালায়। রিসেপশন ঘরের কাঁচ ভেঙে তালা ঝুলিয়ে দেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘দীর্ঘদিন ধরে ওই লজের আড়ালে মধুচক্রের আসর চালানো হচ্ছিল। সারারাত মহিলাদের যাতায়াত ছিল। অনেকবার বলেছি, কোনও লাভ হয়নি।’
এই ঘটনা প্রসঙ্গে ডিএসপি (DSP) বিক্রম প্রসাদ বলেন, ‘২ জনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’ যদিও লজ মালিকের সঙ্গে বহুবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বিফলে যায়।
